সিকৃবির ২০২৫ সালের ক্যালেন্ডারে জুলাই বিপ্লব গ্রাফিতি
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ২০২৫ সালের ওয়াল ও একাডেমিক ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। রোববার সিকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এই ক্যালেন্ডার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম. মাহবুব-ই-ইলাহী এবং পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) প্রফেসর ড. মোঃ এমদাদুল হক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার (অ.দা) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, প্রক্টর (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্ট, দপ্তর প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং ক্যালেন্ডার মুদ্রণ ও প্রকাশনা কমিটির সদস্যবৃন্দ। নতুন ক্যালেন্ডারে ঐতিহাসিক জুলাই বিপ্লবের গ্রাফিতি স্থান পেয়েছে, যা বিশ্ববিদ্যালয় পরিবারে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, ক্যালেন্ডারে জুলাই বিপ্লবের গ্রাফিতি ব্যবহার করে ছাত্র জনতার সংগ্রাম এবং ঐক্যের শক্তিকে স্মরণ করা হয়েছে। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এ আন্দোলন বৈষম্যের বিরুদ্ধে একটি গণজাগরণ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সবাইকে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানান তিনি।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।