২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ–সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে দুটি ভবনের ফটকে তালা

এগ্রিবার্তা ডেস্ক ৩০ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ–সংকট ও অব্যবস্থাপনার প্রতিবাদে দুটি ভবনের ফটকে তালা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শ্রেণিকক্ষের সংকট ও অব্যবস্থাপনার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা দুটি ভবনের ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে। আজ বুধবার, সকাল সাড়ে ১১টার দিকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিস এবং ফুড টেকনোলজি ভবনের প্রধান ফটকে তালা লাগানো হয়। প্রায় আড়াই ঘণ্টা পরে সংশ্লিষ্ট শিক্ষকদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।

তালা দেওয়ার পর শিক্ষার্থীরা তাঁদের সমস্যা ও দাবিগুলো কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিনের কাছে লিখিতভাবে জমা দেন। তাঁরা শ্রেণিকক্ষের অভাব, ল্যাব সরঞ্জামের দুর্বল ব্যবস্থাপনা, এবং দক্ষ টেকনিশিয়ানের অভাবসহ অন্যান্য সমস্যা তুলে ধরেন। এছাড়া, শ্রেণিকক্ষের সংকট সমাধানের জন্য তাঁরা অনুষদের বিভিন্ন বিভাগের পরীক্ষাগুলো আলাদা সময়ে নেওয়ার দাবি জানান।

ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের শিক্ষার্থীরা জানান, তাঁদের বিভাগে মোট চারটি বর্ষের ক্লাস হলেও, শ্রেণিকক্ষের সংখ্যা তিনটি। এর আগে ১১৯ নম্বর কক্ষে ক্লাস নেওয়া হলেও, সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে, একেক দিন একেক জায়গায় ক্লাস হতে থাকে, যা পাঠদানের স্বাভাবিক পরিবেশে বিঘ্ন সৃষ্টি করছে।

ফুড টেকনোলজি ও গ্রামীণ শিল্প বিভাগের প্রধান অধ্যাপক মো. আব্দুল আলীম জানান, ফুড টেকনোলজি ভবনে তিনটি শ্রেণিকক্ষ থাকলেও, সেখানে চারটি বর্ষের ক্লাস চলাচ্ছে। ১১৯ নম্বর কক্ষটি বন্ধ হয়ে যাওয়ায় সংকট আরও বৃদ্ধি পেয়েছে।

শিক্ষার্থীরা দাবি করেছেন, শ্রেণিকক্ষের সংকট, পরীক্ষার সময়সূচি, এবং ল্যাব সরঞ্জামের অভাবের কারণে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা বিভাগের প্রধানের কাছে বারবার অভিযোগ করলেও সমাধান পায়নি। তাই অবশেষে তালা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক মো. জয়নাল আবেদীন জানান, শ্রেণিকক্ষ সংকটের বিষয়ে সবার মতামত নিয়ে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান করার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের লিখিত দাবিগুলো তিনি গ্রহণ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।