২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

৬০ বছর পর কৃষি প্রকৌশল অনুষদে বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ

এগ্রিবার্তা ডেস্ক ১ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
৬০ বছর পর কৃষি প্রকৌশল অনুষদে বাকৃবির পদার্থবিজ্ঞান বিভাগ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ৬০ বছর পর পদার্থবিজ্ঞান বিভাগকে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তর করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে আরও উন্নত ও সুসংগঠিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে প্রয়োজনীয় স্থাপনা তৈরি না হওয়া পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের কার্যক্রম করিম ভবন থেকেই চলবে। তবে, স্থাপনা তৈরি হওয়ার পর বিভাগের অফিস কক্ষ, ল্যাবরেটরি ও অন্যান্য সম্পত্তি কৃষি অনুষদের ডিনকে হস্তান্তর করতে হবে।

অধ্যাপক ড. মো. খায়রুল হাসান ভূঞা জানান, ১৯৬৯ সাল থেকে উচ্চ মাধ্যমিক পাস করা শিক্ষার্থীদের ভর্তি করার কারণে পদার্থবিজ্ঞান বিভাগ কৃষি অনুষদে গুরুত্বহীন হয়ে পড়ে। তবে কৃষি প্রকৌশল অনুষদে বিভাগের কোর্সগুলো আবশ্যিক হিসেবে পড়ানো হতো। প্রশাসনিক জটিলতার কারণে দীর্ঘদিন ধরে বিভাগটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়নি।

তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়াকে ধন্যবাদ জানিয়ে বলেন, ২৭ জানুয়ারি বিভাগটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে স্থানান্তরিত হয়েছে। এই সিদ্ধান্ত কৃষি প্রকৌশল শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৬১ সালে বাকৃবি প্রতিষ্ঠার সময় থেকেই পদার্থবিজ্ঞান বিভাগের যাত্রা শুরু হয়। ১৯৬৪ সালে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রতিষ্ঠিত হলেও প্রশাসনিক জটিলতার কারণে বিভাগটি কৃষি অনুষদের অধীনেই ছিল। এখন থেকে এটি কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।

 

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।