বাকৃবিতে দুই হলের শিক্ষার্থীদের সংঘর্ষ
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দুই হলের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রবিবার দুপুরে আব্দুল জব্বার মোড়ে শহীদ শামসুল হক হল ও বঙ্গবন্ধু শেখ মুজিব হলের প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষে শতাধিক শিক্ষার্থী জড়িয়ে পড়েন এবং এতে বঙ্গবন্ধু হলের প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান গুরুতর আহত হন।
ঘটনার সূত্রপাত হয় গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মেসন নামের একটি কৃষি গুচ্ছ কোচিং সেন্টারের সংবর্ধনা অনুষ্ঠান থেকে। ময়মনসিংহের টাউন হল মিলনায়তনে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন। সাংস্কৃতিক পর্ব চলাকালীন, বঙ্গবন্ধু শেখ মুজিব হলের শিক্ষার্থীরা মঞ্চে উঠলে শামসুল হক হলের শিক্ষার্থীরা তাদের উদ্দেশ্যে 'ভুয়া ভুয়া' স্লোগান দিতে থাকে। পরবর্তীতে শামসুল হক হলের শিক্ষার্থীরা মঞ্চে গেলে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থীরাও একই প্রতিক্রিয়া দেখান। এক পর্যায়ে উত্তেজনা ছড়িয়ে পড়লে হাতাহাতির ঘটনা ঘটে। আয়োজকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও শিক্ষার্থীদের মধ্যে বিদ্বেষ রয়ে যায়।
রোববার দুপুরে এরই ধারাবাহিকতায় দুই হলের শিক্ষার্থীদের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে, যেখানে কয়েকজন আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মেসন কোচিং সেন্টারের পরিচালক ও কৃষি অনুষদের শিক্ষার্থী আরাফাত জানান, ‘আমরা সংবর্ধনা অনুষ্ঠানের দিনই পরিস্থিতি শান্ত করেছিলাম। আজকের সংঘর্ষের সঙ্গে মেসনের কোনো সম্পর্ক নেই, এটি একেবারেই হলকেন্দ্রিক ঘটনা।’
তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আবদুল আলীম বলেন, ‘সংবর্ধনা অনুষ্ঠানের পর রাতে দুই হলের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছিল, যা আজ সংঘর্ষের রূপ নিয়েছে। মেসন কোচিং সেন্টারকে অবশ্যই এর দায় নিতে হবে। তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।