গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন এমএস কোর্স
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগে ‘মাস্টার অব সায়েন্স (এমএস)’ কোর্স চালুর বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় নতুন কোর্সের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, গ্রামীণ অর্থনীতি, জলবায়ু পরিবর্তন ও অভিযোজন বিষয়ে গবেষণা ও শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রমিজ উদ্দিন মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ।
কর্মশালায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদের শিক্ষকবৃন্দসহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে আমন্ত্রিত শিক্ষকরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে গ্রামীণ উন্নয়ন বিভাগের প্রধান প্রফেসর ড. মোঃ মনজুরুল ইসলাম নতুন এমএস কোর্সের ওপর একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। এরপর উপস্থিত শিক্ষকমণ্ডলী ও বিশেষজ্ঞরা এই কোর্সের কাঠামো এবং বাস্তবায়ন নিয়ে মতামত দেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন—
"গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা জরুরি। শিক্ষকরা যদি আন্তরিকতার সঙ্গে কাজ করেন, তবে এই কোর্স দেশের কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।"
তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। এ ধরনের শিক্ষাক্রম কৃষকদের দক্ষতা বৃদ্ধি করে তাঁদের জীবনমানের উন্নতি ঘটাতে সাহায্য করবে।
উল্লেখ্য, ২০১২ সালে প্রতিষ্ঠিত গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্রামীণ উন্নয়ন বিভাগ শুরু থেকেই গ্রামীণ শিক্ষা ও গবেষণার অগ্রগতিতে কাজ করে আসছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।