২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

বাকৃ‌বি‌তে কৃ‌ষি যন্ত্রপা‌তি ও প্রযু‌ক্তি মেলা

এগ্রিবার্তা ডেস্ক ২৪ ফেব্রুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃ‌বি‌তে কৃ‌ষি যন্ত্রপা‌তি ও প্রযু‌ক্তি মেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অনুষ্ঠিত কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি মেলায় আধুনিক কৃষি যন্ত্র দেখে বিস্মিত প্রান্তিক কৃষকেরা। নতুন প্রযুক্তির সম্ভাবনা ও ব্যবহারের বিষয়ে জানতে তাদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

কৃষি প্রযুক্তির প্রসার ও জীবাশ্ম সম্পদের কার্যকর ব্যবহারের লক্ষ্যে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন অ্যাগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অংশ হিসেবে এই মেলা আয়োজন করা হয়। মেলার যৌথ আয়োজক ছিল বাংলাদেশ সোসাইটি অব অ্যাগ্রিকালচারাল মেশিনারি অ্যান্ড বায়োরিসোর্স ইঞ্জিনিয়ারিং (বিএসএএমকিবই) ও বাকৃবির কৃষি শক্তি ও যন্ত্র বিভাগ।

গত ১২ ফেব্রুয়ারি বাকৃবি ক্যাম্পাসের হেলিপ্যাডে দুই দিনব্যাপী মেলার উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া ও বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

মেলায় অংশ নেয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও কৃষি যন্ত্র প্রস্তুতকারী আটটি প্রতিষ্ঠান। তারা তাদের উদ্ভাবিত ও আমদানি করা আধুনিক যন্ত্র প্রদর্শন করে। কৃষকদের জন্য এসব যন্ত্রের কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি ব্যাখ্যা করা হয় ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে।

প্রদর্শিত যন্ত্রগুলোর মধ্যে ছিল রাসায়নিক কীটনাশক ছিটানোর ড্রোন, ধান মাড়াইয়ের কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, আলু গ্রেডিং মেশিন, রাইস উইডার, সূর্যমুখী ও ভুট্টা মাড়াই মেশিন, রিপারসহ প্রায় ১৫০টি আধুনিক কৃষি যন্ত্রপাতি। মেলায় কৃষক, উদ্যোক্তা ও শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি ছিল।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. রিফাত হোসাইন বলেন, "এই মেলায় এসে নতুন অনেক যন্ত্র সম্পর্কে জানতে পারছি, যা আমাদের জন্য বেশ শিক্ষামূলক।"

তবে সমস্যার জায়গা হলো, অধিকাংশ কৃষি যন্ত্রের দাম অনেক বেশি, যা সাধারণ কৃষকদের ক্রয়ক্ষমতার বাইরে। এ কারণে কৃষিক্ষেত্রে প্রযুক্তির সহজলভ্যতা নিশ্চিত করতে ভর্তুকি বাড়ানোর দাবি জানান কৃষকেরা।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়া বলেন, "কৃষির উন্নয়নে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সরকার কৃষি যন্ত্রপাতিকে সহজলভ্য করতে কাজ করছে। সঠিক তথ্য সংগ্রহের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা মাঠপর্যায়ে কৃষকদের সুবিধা দেবে।"

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, "দেশীয় কৃষির জন্য আমাদের নিজেদের চাহিদা অনুযায়ী যন্ত্র নকশা করা প্রয়োজন। আন্তর্জাতিকভাবে ব্যবহৃত যন্ত্রের ওপর নির্ভরশীল না থেকে কৃষকের আর্থসামাজিক অবস্থা বিবেচনায় রেখে স্থানীয়ভাবে উন্নত যন্ত্র তৈরির দিকে মনোযোগ দেওয়া উচিত।"

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।