২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

সুন্দরবনে ২ যুগে ২৭ বার আগুন

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সুন্দরবনে ২ যুগে ২৭ বার আগুন

দুই যুগে ২৭ বারের মতো আগুন লেগেছে সুন্দরবনে, পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনটিতে। শনিবার সকালে কলমতেজি টহল ফাঁড়ি-সংলগ্ন এলাকায় ধোঁয়া দেখা গেলে স্থানীয়রা বন বিভাগকে বিষয়টি জানান। রোববার সকালে সেই আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের একুশের ছিলা-শাপলার বিল এলাকায় আগুনের সূত্রপাত হয়।

নতুন করে আগুন লাগার খবর পেয়ে বন বিভাগ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা সেখানে পৌঁছান। দুর্গম এলাকা হওয়ায় পানি সরবরাহে সমস্যা দেখা দেয়। আগুন লাগার স্থানের আশপাশে পানির উৎস না থাকায় আড়াই কিলোমিটার দূরের খাল থেকে পাইপের মাধ্যমে পানি টানতে বেগ পেতে হচ্ছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস কার্যালয়ের উপসহকারী পরিচালক (ডিএডি) সাকরিয়া হায়দার জানান, বাগেরহাট, শরণখোলা ও মোরেলগঞ্জের পাঁচটি ইউনিট ভোলা নদীর তীরে অবস্থান করছে।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মোহাম্মদ নূরুল করিম বলেন, "বনরক্ষীদের অক্লান্ত পরিশ্রম ও স্থানীয়দের সহযোগিতায় কলমতেজি এলাকার আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে নতুন করে যে আগুন লেগেছে, সেখানে আমাদের বনরক্ষীরা ফায়ারলাইন তৈরির কাজ করছেন। দ্রুত পাম্পের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।"

বন বিভাগের তদন্ত প্রতিবেদন অনুযায়ী, সুন্দরবনে ১৫টি অগ্নিকাণ্ড জেলে ও মৌয়ালদের ফেলে যাওয়া আগুন থেকে হয়েছে বলে জানা গেছে। দাবদাহের কারণে ৪ বার, মাছ ধরার জন্য ৪ বার এবং আক্রোশবশত আগুন লাগার ঘটনা ঘটেছে আরও ৪ বার।

তবে স্থানীয় ও পরিবেশবাদীদের অভিযোগ, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে অসাধু মাছ ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে গহিন বনে আগুন লাগিয়ে থাকেন। বর্ষা মৌসুমে প্লাবিত হওয়া এসব এলাকায় নেট জাল ব্যবহার করে তারা সহজেই প্রচুর মাছ ধরতে পারেন।

গত দুই যুগে আগুনে প্রায় ১০০ একর বনভূমি পুড়ে গেছে, যা সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ ব্যবস্থার জন্য অত্যন্ত বিপজ্জনক।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।