২২ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

ফাঁকা ক্যাম্পাসে অসহায় প্রাণিদের সেবায় বাকৃবি ছাত্রদল

এগ্রিবার্তা ডেস্ক ২৮ মার্চ ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ফাঁকা ক্যাম্পাসে অসহায় প্রাণিদের সেবায় বাকৃবি ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে ক্ষুধার্ত ও অসহায় প্রাণিদের জন্য খাদ্য ও চিকিৎসা সহায়তা প্রদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকাল থেকেই ছাত্রদলের সদস্যরা ক্যাম্পাসজুড়ে বিভিন্ন স্থানে ঘুরে কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণিদের খাদ্য সরবরাহ করছে।

বিতরণকৃত খাবারের মধ্যে ছিলো- ভাত, খিচুড়ি, মাংস, বিস্কুটসহ নানা পুষ্টিকর উপাদান, যা প্রাণীগুলোর সুস্থতা নিশ্চিত করতে সহায়ক। পাশাপাশি অসুস্থ ও আহত প্রাণিদের জন্য তারা ওষুধ ও চিকিৎসার ব্যবস্থা করছে তারা।

ক্যাম্পাসে ভেতরে থাকা কুকুর, বিড়ালসহ অন্যান্য প্রাণি সাধারণত শিক্ষার্থী ও কর্মচারীদের থেকে খাবার পায়। তবে ঈদের সময় দীর্ঘ ছুটির কারণে খাবারের অভাবে তারা দুর্ভোগে পড়ে। এমন পরিস্থিতিতে প্রাণিদের খাদ্য সংকট মোকাবিলায় এগিয়ে এসেছে বাকৃবি ছাত্রদল।

এ উদ্যোগ সম্পর্কে বাকৃবি ছাত্রদলের আহবায়ক মো. আতিকুর রহমান বলেন, মানুষের পাশাপাশি অবলা প্রাণিরাও আমাদের সমাজের অংশ। তারা যেন খাবারের অভাবে কষ্ট না পায়, সেই দায়িত্ববোধ থেকেই আমরা কাজ করছি। যতদিন ক্যাম্পাস বন্ধ থাকবে, ততদিন আমরা প্রাণিগুলোর জন্য খাবার ও চিকিৎসার ব্যবস্থা অব্যাহত রাখব।

তিনি আরও বলেন, এ ধরণের উদ্যোগ আমাদের মধ্যে মানবিকতা ও দায়িত্ববোধ গড়ে তুলবে। এটা শুধু প্রাণিদের সাহায্যই নয়, বরং সামাজিক সচেতনতা বৃদ্ধিরও একটি দৃষ্টান্ত।

বাকৃবি ছাত্রদলের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে প্রাণিপ্রেমী ও সচেতন শিক্ষার্থী মহলে। প্রাণিদের প্রতি এ মানবিক উদ্যোগ অব্যাহত রাখার পাশাপাশি আরও সংগঠন ও ব্যক্তিদের এ ধরণের কার্যক্রমে যুক্ত হওয়ার আহবান জানিয়েছেন বাকৃবি ছাত্রদল।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।