৮ দফা দাবিতে গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা বর্জন
উচ্চশিক্ষা ও চাকরিতে সমান সুযোগসহ ৮ দফা দাবিতে গাজীপুরসহ সারাদেশের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোতে একযোগে ক্লাস ও পরীক্ষা বর্জনের মাধ্যমে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে গাজীপুরের শিমুলতলীতে অবস্থিত কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে ইনস্টিটিউট প্রাঙ্গণে সমাবেশ ও বিক্ষোভ শুরু করেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা ‘আট দফা আট দাবি, মানতে হবে মেনে নাও’, ‘কৃষি ডিপ্লোমা বঞ্চিত কেনো? বাংলাদেশ জবাব চাই’—এই ধরনের স্লোগানে মুখরিত করে তোলেন এলাকা। অনেককেই হাতে প্ল্যাকার্ড নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে দেখা গেছে।
শিক্ষার্থীদের ৮ দফা মূল দাবি:
- ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত করা
- উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদ হিসেবে ঘোষণা
- শিক্ষক সংকট নিরসন করে কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়ন
- কৃষি ডিপ্লোমা শিক্ষা ডিএই থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের আওতায় স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠা
- সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদে কেবল ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সুযোগ সংরক্ষণ
- বেসরকারি খাতে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের ন্যূনতম ১০ম গ্রেডের বেতন নিশ্চিত
- মাঠ সংযুক্তি ভাতা প্রদান
- উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের ছয় মাস মেয়াদি ফাউন্ডেশন ট্রেনিং বাধ্যতামূলক করা
শিক্ষার্থীরা বলেন, “দীর্ঘদিন ধরে আমরা উচ্চ শিক্ষা ও পেশাগত উন্নয়নে অবহেলিত। এ বিষয়ে বারবার স্মারকলিপি দেওয়া হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি।”
তারা আরও জানান, এ আন্দোলন কেবল গাজীপুরের নয়, বরং সারাদেশের সকল কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা একযোগে একই দাবিতে আন্দোলনে যুক্ত হয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলেও ঘোষণা দিয়েছেন তারা।
এদিকে, আন্দোলনকারীদের প্রতি একাত্মতা জানিয়ে অনেক প্রাক্তন শিক্ষার্থী ও কৃষি সংগঠন সামাজিক মাধ্যমে সমর্থন জানাতে শুরু করেছেন।
এই আন্দোলন কৃষি শিক্ষার ভবিষ্যৎ, চাকরি বাজারে ন্যায্যতা এবং ডিপ্লোমা কৃষিবিদদের দীর্ঘদিনের দাবির বাস্তবায়নের দাবি নতুনভাবে সামনে নিয়ে এসেছে। এখন দেখার বিষয়, কত দ্রুত সরকার সংশ্লিষ্ট পদক্ষেপ নেয় এই সংকট নিরসনে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।