২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বৃষ্টিপাতের আশঙ্কায় ধান কাটতে যশোর কৃষি অফিসের মাইকিং

দ্য ডেইলি স্টার ৫ মে ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বৃষ্টিপাতের আশঙ্কায় ধান কাটতে যশোর কৃষি অফিসের মাইকিং

ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় মাঠের ধান ঘরে তুলতে সতর্কতামূলক মাইকিং করছে যশোর কৃষি অফিস। এতে মাঠের ধান ঘরে তুলতে আতঙ্কিত কৃষকদের উপর বেড়েছে চাপ।

তবে মাঠের অধিকাংশ ধান ইতোমধ্যে ঘরে তুলে নিয়েছেন কৃষকরা। আগামী দুই এক দিনের মধ্যে অবশিষ্ট ‍সব ধান ঘরে তুলতে পারবেন বলে জানান তারা। 

ঝিকরগাছা উপজেলার থাটবাড়িয়া গ্রামের বাবলুর রহমান বলেন, 'চার বিঘা জমিতে ধান চাষ করেছি। দ্রুত দুই বিঘা জমির ধান কেটেছি। বাকি ধান এখনো ঘরে তুলতে পারিনি। বৃষ্টি হলে ধান ঘরে তোলা বিপদজনক, অনেক নষ্ট হবে। ভেজা বিচালি গরুকে খাওয়াতে পারব না। ফলে বাজার থেকে বিচালি কিনে গরুকে খাওয়াতে হবে।' 

শার্শা উপজেলার কায়বা গ্রামের বোরো চাষি মামুনুর রহমান বলেন, 'ধান কাটার মেশিন এসেছে গ্রামে। আমি শ্রমিক দিয়েই মাঠের ধান কেটে ঘরে তুলছি। মেশিনে বিচালি হবে না। তাই আমার গরুর জন্য এই ব্যবস্থা।'
 
মনিরামপুর উপজেলার হাবিবুর রহমান বলেন, 'তাপদাহে শ্রমিকরা কেউ দিনের বেলায় কাজ করতে চাইছেন না। বিঘা প্রতি ধান কাটা, বাঁধা ও ঝাড়াসহ বাড়িতে পৌঁছে দিতে শ্রমিকদের মজুরি দিতে হচ্ছে ৬ হাজার টাকা।'
 
চলতি মৌসুমে যশোরে বোরো ধানের আবাদ হয়েছে এক লাখ ৬০ হাজার ৭৮৫ হেক্টর জমিতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭৯ হাজার ২০০ মেট্রিক টন। 

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার বলেন, 'যশোরাঞ্চলে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। ইতোমধ্যে যশোরের কৃষকরা মাঠের ৭০ ভাগ ধান কেটে ঘড়ে তুলেছেন। আগামী ২-৩ দিন বৃষ্টি না হলে মাঠের সব ধান কেটে ঘরে তুলতে পারবেন।'

দ্য ডেইলি স্টার

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।