২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে: কৃষিমন্ত্রী

এগ্রিবার্তা ডেস্ক: ৭ মে ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে: কৃষিমন্ত্রী

নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে বলে জানান কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ। সোমবার নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস ও কানাডার গ্লোবাল ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (জিআইএফএস) আয়োজিত নেদারল্যান্ডসের ওয়াখেনিংয়া বিশ্ববিদ্যালয়ে এক গোলটেবিল আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী এ কথা জানান।

‘বাংলাদেশের কৃষির ভবিষ্যৎ’ শীর্ষক ঐ আলোচনায় কৃষিমন্ত্রী বলেন, নেদারল্যান্ডসের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্রে কৃষি খাত অগ্রাধিকার পাবে। বিশেষ করে নেদারল্যান্ডসের কিছু যুগান্তকারী প্রযুক্তি, উদ্ভাবন ও গবেষণা বাংলাদেশের কৃষি খাতেও কাজে লাগানো হবে।

নেদারল্যান্ডসে বাংলাদেশের রাষ্ট্রদূত এম রিয়াজ হামিদুল্লাহর সঞ্চালনায় কৃষিসচিব, কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট বালজিত সিং, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিসহ  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ২৩০ জনের বেশি বিশেষজ্ঞ ও গবেষক এ আলোচনায় অংশ নেন।

আলোচনায় কৃষিসচিব ওয়াহিদা আক্তার বাংলাদেশের কৃষির রূপান্তরের বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন। এসময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ও বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের কৃষিক্ষেত্রে অব্যাহত সহায়তা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন।

আলোচনায় বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞরা তাঁদের ছয়টি প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বাংলাদেশের কৃষি ক্ষেত্রের প্রধান চ্যালেঞ্জগুলো মোকাবিলার ওপর আলোকপাত করা হয়।

বৈঠক শেষে ওয়াখেনিংয়া বিশ্ববিদ্যালয়, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বার্ক) মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।