২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

লন্ডন প্রবাসী রুহুল আমিন একজন সফল মৎস্য খামারি

এগ্রিবার্তা ডেস্ক ২৬ এপ্রিল ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
লন্ডন প্রবাসী রুহুল আমিন একজন সফল মৎস্য খামারি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন ওয়াহিদনগর গ্রামের লন্ডন প্রবাসী রুহুল আমিন মুল্লুক প্রমাণ করে দিয়েছেন, শ্রম আর ইচ্ছাশক্তি থাকলে প্রবাসে থেকে বিলাসী জীবনযাপনের পরিবর্তে নিজ গ্রামেও সফল হওয়া যায়।

এক সময় এ অঞ্চলে প্রচলিত ছিল, প্রবাসীরা দেশে ফিরে অলস জীবনযাপন করেন এবং পরিবারও শুধুমাত্র প্রবাসীর আয়ে নির্ভরশীল হয়ে পড়ে। তবে রুহুল আমিন সেই পুরনো ধারণাকে ভেঙে দিয়েছেন। নিজের হাতে গড়ে তুলেছেন প্রায় ৬০ বিঘা জমিতে বিশাল এক খামারবাড়ি। যেখানে ১০টি বড় পুকুরে তিনি নানা জাতের মাছের চাষ করছেন।

দীর্ঘ ১১ বছর ধরে প্রবাস জীবনের পাশাপাশি তিনি একজন সফল মৎস্য খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তাঁর উদ্যোগে এখন এলাকার অনেকেই অনুপ্রাণিত হয়ে খামার ব্যবসায় নামছেন।

রুহুল আমিন মুল্লুক বলেন, ‘আমি চাই সবাই কর্মমুখী হোক। কারও আয়ের ওপর বসে থাকার মানসিকতা থেকে বেরিয়ে এসে নিজে উদ্যোগ নিক। প্রবাসীরা যেন তাদের পরিবারকেও কর্মঠ করে তুলতে সচেষ্ট হয়।’

স্থানীয় ইউপি সদস্য সালেহ উদ্দিন জানান, রুহুল আমিন চাইলে আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। কিন্তু তিনি নিজ গ্রামে ফিরে খামার গড়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন।

জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন বলেন, ‘প্রবাসে থেকেও মৎস্য খামারি হয়ে রুহুল আমিন যে ভূমিকা রেখেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাঁর খামার পরিদর্শন করতে আগ্রহী। আশা করি, তাঁর মতো আরও প্রবাসী দেশে ফিরে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে ভূমিকা রাখবেন।’

রুহুল আমিন মুল্লুক এখন শুধু একজন সফল খামারি নন, বরং কর্মমুখী জীবনের এক উজ্জ্বল অনুপ্রেরণাও।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।