২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
জাতীয়

আরও কমলো মুরগির দাম, সবজিতে স্বস্তি

এগ্রিবার্তা ডেস্ক ২৪ মে ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
আরও কমলো মুরগির দাম, সবজিতে স্বস্তি

এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে নেমেছে পণ্যমূল্যের চাপ। বিশেষ করে কমেছে ব্রয়লার মুরগি, চাল ও নিত্য প্রয়োজনীয় সবজির দাম—যা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে মধ্যবিত্তের ভরসার বাজারে।

গত শুক্রবার (২৩ মে) রাজধানীর কারওয়ান বাজারে গিয়ে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ১০ টাকা কমে এখন ১৫০ টাকা। সোনালি মুরগি ২২০–২৩০ টাকায় এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে ৬০০–৬১০ টাকায়।

চালের বাজারেও দেখা গেছে মৃদু স্বস্তি। মানভেদে মিনিকেট চাল কেজিতে ১–২ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৪ টাকায়, আর আটাশ চালের দাম ১–৩ টাকা কমে দাঁড়িয়েছে ৫২–৫৪ টাকায়।

তবে সবচেয়ে বেশি স্বস্তির খবর এসেছে সবজির বাজার থেকে। গত সপ্তাহের তুলনায় কেজিপ্রতি ১০–১৫ টাকা পর্যন্ত কমেছে বেশিরভাগ সবজির দাম। এখন বাজারে পটোল, ঢ্যাঁড়স, কাঁকরোল, চিচিঙ্গা, বরবটি, ঝিঙে, কচুর লতি, বেগুন ইত্যাদি বিক্রি হচ্ছে ৪০–৬০ টাকার মধ্যে।

ক্রেতা শরীফ বলেন, “মুরগির দাম কমেছে দেখে আজ কয়েকটা কিনে রাখলাম। সবজির দামও অনেক কম, ভালো লাগছে।”

সবজি বিক্রেতা সালমান জানান, “এখন বাজারে প্রচুর গ্রীষ্মকালীন সবজি উঠেছে, যার কারণে দাম কমেছে। তবে দেশের কিছু এলাকায় বন্যার শঙ্কা থাকায় অনেকে আগেই ক্ষেতের সবজি তুলে ফেলছেন—এটাও একটা কারণ।”

বাজারে দাম কমার এই ধারা যদি বজায় থাকে, তবে মধ্যবিত্ত ক্রেতাদের জন্য তা হতে পারে বড় এক স্বস্তির বার্তা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।