২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

লবণ পানি তুলে চিংড়ি চাষের ফলে কৃষি জমির উর্ব্বরতা হ্রাস পাচ্ছে

এগ্রিবার্তা ডেস্ক ২৭ মে ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
লবণ পানি তুলে চিংড়ি চাষের ফলে কৃষি জমির উর্ব্বরতা হ্রাস পাচ্ছে

সোমবার (২৬ মে) দুপুরে রামপাল উপজেলা কৃষি অফিস মিলনায়তনে এই সভার আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। সভায় অংশগ্রহণ করেন স্থানীয় মৎস্য ঘের মালিক, সাংবাদিক, কৃষি কর্মকর্তা, পরিবেশবাদী ও সচেতন নাগরিকরা।

সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মহিউদ্দিন শেখ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলা’র বিভাগীয় সমন্বয়কারী মাহাফুজুর রহমান মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেলা’র নেটওয়ার্ক সদস্য ও রামপাল প্রেসক্লাব সভাপতি এম. এ সবুর রানা এবং সহ-সভাপতি এ. এইচ. নান্টু। এ ছাড়া উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় উন্নয়ন সংস্থা রূপান্তরের প্রতিনিধি তীর্থ সলিল ঠাকুর এবং এফএফসিআরজে’র সদস্যরা।

বক্তারা বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রামপালের কিছু প্রভাবশালী ব্যক্তি কৃষি জমিতে লবণ পানি তুলে তা ধরে রেখে চিংড়ি চাষ করে চলেছেন। এতে জমির উর্বরতা মারাত্মকভাবে হ্রাস পাচ্ছে, ফসল উৎপাদন কমে যাচ্ছে এবং কৃষকদের দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে ফেলছে। এতে কৃষি নির্ভর জীবিকা ও খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

আলোচনায় বলা হয়, এই পরিস্থিতি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। উচ্চ আদালতের আদেশ বাস্তবায়নে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে ঘের মালিকদের সঙ্গে বৃহত্তর সংলাপ আয়োজন এবং কৃষিজমির গুরুত্ব তুলে ধরে সচেতনতা বাড়ানোর আহ্বান জানানো হয়।

সভায় অংশগ্রহণকারীরা আরও বলেন, লবণ পানি চাষের নামে কৃষিজমির যে ক্ষতি হচ্ছে তা বন্ধ করতে না পারলে এলাকার কৃষিভিত্তিক অর্থনীতি ও পরিবেশ উভয়ই চরম হুমকির মুখে পড়বে। তাই সময়মতো কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং স্থানীয়দের সম্পৃক্ততা নিশ্চিত করাই এখন সবচেয়ে জরুরি।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।