২৩ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

ভেটেরিনারি চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে বাকৃবিতে মানববন্ধন

বাকৃবি প্রতিনিধি ২৩ আগস্ট ২০২৬ · ৫ মিনিট পড়ার সময় · ১৭ বার পঠিত
শেয়ার করুন:
ময়মনসিংহে ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আশিকুর রহমান ও ডা. মো. আব্দুল হান্নানের ওপর হামলা, মারধর ও চেম্বার ভাঙচুরের প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষক- শিক্ষার্থীরা। রোববার (২৩ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সংলগ্ন গ্রন্থাগারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা ও অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আলীমসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।

জানা যায়, গত ২১ আগস্ট সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর জিলা স্কুলের পাশে অবস্থিত ‘ডক্টরস পেট কেয়ার’ নামের ভেটেরিনারি চেম্বারে ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে মারধরের পাশাপাশি চেম্বারে ভাঙচুর চালানো হয়। এর আগে ২০ আগস্ট কেওয়াটখালি বাজারে অবস্থিত ডা. মো. আব্দুল হান্নানের ‘ভেট এন্ড পেট কেয়ার ময়মনসিংহ’ এ একই ব্যক্তিরা হামলা করেন। ডা. আশিকুর রহমান ও ডা. মো আব্দুল হান্নান উভয়েই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের প্রাক্তন শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন ভেটেরিনারি চিকিৎসকের কর্মস্থলে প্রবেশ করে তার ওপর হামলা ও মারধর কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা চিকিৎসকদের নিরাপত্তা ও পেশাগত পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে কোনো চিকিৎসক যেন কর্মস্থলে এ ধরনের হামলার শিকার না হন, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

এসময় অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা বলেন, ডা. আশিকুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, একজন শিক্ষক এবং ভেটেরিনারি পেশার একজন কর্মী হিসেবে আমি তীব্র নিন্দা জানাচ্ছি। মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

অধ্যাপক ড. মো. মাহমুদুল আলম বলেন, ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর এই সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের অতিসত্বর গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, একজন ভেটেরিনারিয়ান হিসেবে এ ঘটনায় আমি ব্যথিত। এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করছি।

ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. বাহানুর রহমান বলেন, ডা. আশিকুর রহমান ও ডা. আব্দুল হান্নানের ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে, তার প্রতিবাদ জানাচ্ছি। আমরা আশা করি, সরকার এ ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনবে।

বাকৃবি প্রতিনিধি

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।