ডিম উৎপাদন বৃদ্ধি ও রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু
দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে ডিম রপ্তানির সক্ষমতা অর্জনে উৎপাদন বৃদ্ধি, গুণগত মান নিশ্চিতকরণ ও উৎপাদন খরচ কমানোর ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি। তিনি বলেন, পোলট্রি খাতের টেকসই উন্নয়নে সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর তুলা উন্নয়ন বোর্ডের সম্মেলন কক্ষে বিশ্ব ডিম দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘Protein That Powers and Protects’ (প্রোটিন, যা শক্তি দেয় ও সুরক্ষা করে)।
প্রতিমন্ত্রী বলেন, এ বছর প্রথমবারের মতো বাংলাদেশ থেকে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে, যা দেশের পোলট্রি শিল্পের জন্য ইতিবাচক অগ্রগতি। ডিম উৎপাদন বাড়ানোর পাশাপাশি ফিডের দাম সহনীয় পর্যায়ে রাখা, ফিডে অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ, তরুণ উদ্যোক্তা তৈরি এবং গ্রামীণ নারীদের হাঁস-মুরগি পালনে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন তিনি। এ ছাড়া পোলট্রি খামারের বিদ্যুৎ খরচ কমাতে সৌরবিদ্যুৎ ব্যবহারে সরকারি সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান।
বিশ্ব ডিম দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পোল্ট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. বাপন দে। ডিমের পুষ্টিগুণ ও ভিটামিন ডি-এর গুরুত্ব নিয়ে বক্তব্য দেন পুষ্টিবিদ ইসরাত জাহান।
এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের (বিপিআইসিসি) আহ্বায়ক মসিউর রহমান এবং ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার সিনিয়র সহসভাপতি মো. সিরাজুল হক।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অনুবিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা নওয়ারা জাহান, তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক কৃষিবিদ মোহা. রেজাউল আমিন এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র্যালি ও বিনামূল্যে ডিম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোলট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল যৌথভাবে কর্মসূচির আয়োজন করে।
নিজস্ব প্রতিবেদক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।