১৫ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে: জহির উদ্দিন স্বপন।

এগ্রি বার্তা প্রতিবেদক ১৫ অক্টোবর ২০২৬ · ৪ মিনিট পড়ার সময় · ৬ বার পঠিত
শেয়ার করুন:
প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে: জহির উদ্দিন স্বপন।
কৃষি খাতের উন্নয়ন, বাজার–শৃঙ্খল কিংবা আধুনিক প্রযুক্তি—যেকোনো আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কৃষক, তার উৎপাদিত পণ্যের বাজার নিরাপত্তা ও ন্যায্যমূল্য নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন। 
বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত কৃষি ইকোসিস্টেম ও ব্লকচেইন–বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জহির উদ্দিন এ কথা বলেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
তিনি বলেন, দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পরপরই প্রধানমন্ত্রী তারেক রহমান ‘কৃষক কার্ড’ বণ্টন ও কৃষিঋণ মওকুফ করে এ বার্তাই দিয়েছেন।
জহির উদ্দিন বলেন, আধুনিক কৃষি ব্যবসার চেইন বা স্তরে জড়িত বিভিন্ন মধ্যস্বত্বভোগী ও স্টেকহোল্ডারের সমস্যা নিয়ে যেভাবে কথা হয়, মূল উৎপাদন কৃষকের সমস্যা নিয়ে সেভাবে আলোচনা হয় না। প্রযুক্তির যত অগ্রগতিই হোক না কেন, মানুষের খাদ্যগ্রহণের জৈবিক অনিবার্যতার কারণে কৃষির ওপর নির্ভর করতেই হবে। দেশের ৪২ থেকে ৪৫ শতাংশ মানুষ এখনো কৃষির ওপর নির্ভরশীল। অথচ সমাজে কৃষি পেশাকে এখনো অনেক ক্ষেত্রে অবহেলার চোখে দেখা হয়। কৃষি ও কৃষকের এ স্ট্র্যাটেজিক বা কৌশলগত মূল্য না দিলে কোনো আলোচনাই পূর্ণাঙ্গ হবে না।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে ‘কৃষক কার্ড’ প্রবর্তনসহ কৃষকদের সহায়তায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন। কারণ, দেশ ও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি (জিডিপি) টিকিয়ে রাখার জন্য কৃষিই সবচেয়ে কৌশলগত খাত।
কৃষি খাতের দেশীয় ও আন্তর্জাতিক বিশেষজ্ঞসহ নীতিনির্ধারকদের উদ্দেশে জহির উদ্দিন বলেন, প্রযুক্তির সুবিধা যেন কৃষক পর্যন্ত পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। কৃষকের উৎপাদন, বাজারের নিরাপত্তা, ন্যায্য মুনাফা ও পচনশীল পণ্য সংরক্ষণের আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে হবে।
কৃষক যেন কোনো মধ্যস্বত্বভোগী বা সিন্ডিকেটের মাধ্যমে প্রতারিত না হন, সে ব্যবস্থা কাঠামোগতভাবে নিশ্চিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা। 
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচানচো, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জিয়াওকুন শি, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশনের (গেইন) কান্ট্রি ডিরেক্টর রুদাবা খন্দকার প্রমুখ।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।