১০ নভেম্বর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
মৎস্য

‘এত বড় ইলিশ’! কততে বিক্রি হলো

এগ্রি বার্তা প্রতিবেদক ১০ নভেম্বর ২০২৬ · ২ মিনিট পড়ার সময় · ৮ বার পঠিত
শেয়ার করুন:
‘এত বড় ইলিশ’! কততে বিক্রি হলো
রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাট মাছ বাজারে পদ্মা নদীর ২ কেজি ২৫০ গ্রাম ওজনের একটি ইলিশ বিক্রি হয়েছে ১৪ হাজার ৮৫০ টাকায়। একই বাজারে ১৪ কেজি ১০০ গ্রাম ওজনের একটি পাঙাশ মাছ বিক্রি হয়েছে ২৪ হাজার ৬৭৫ টাকায়।

আজ মঙ্গলবার সকালে মাছ দুটি বিক্রি হয়। পরে মাছ দুটি কক্সবাজারের সেন্টমার্টিনের এক প্রবাসীর কাছে পাঠানো হয়।

এই মৌসুমে পদ্মা নদীতে এই প্রথম এত বড় মাছ পাওয়া গেল বলে দাবি করেন মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুব-উল হকের কথাতেও একই তথ্য পাওয়া গেল।
মাছ দুটি প্রথমে কিনেছিলেন দৌলতদিয়া ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ। তিনি ইলিশটি ১৪ হাজার ৪০০ টাকায় এবং পাঙাশটি ২৩ হাজার ৯৭০ টাকায় কেনেন। পরে তিনি কক্সবাজারের সেন্টমার্টিনের বাসিন্দা ও শ্রীলঙ্কাপ্রবাসী রেজাউল করিম হাওলাদারের কাছে মাছ দুটি ১৪ হাজার ৮৫০ ও ২৪ হাজার ৬৭৫ টাকায় বিক্রি করেন।

স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীরা জানান, আজ ভোররাতে জেলে হারুন-অর রশিদের জালে মাছ দুটি ধরা পড়ে। পরে তিনি মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাট বাজারের দেলোয়ার সরদারের আড়তে নিয়ে যান। সেখানে নিলামে মাছ দুটি কেনেন ফেরিঘাট এলাকার ব্যবসায়ী শাহজাহান শেখ।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।