ঝালকাঠিতে পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষে সাফল্য
রাসায়নিক বালাইনাশকের ব্যবহার কমিয়ে জৈব সার ও পরিবেশবান্ধব পদ্ধতিতে লাউ চাষ করে সফলতা পেয়েছেন ঝালকাঠির কৃষক কামরুল ইসলাম। কেঁচো সার, সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ ব্যবহার করে উত্তম কৃষিচর্চা অনুসরণ করছেন তিনি। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি নিরাপদ সবজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান নদীসংলগ্ন রুপসিয়া গ্রামের কৃষক কামরুল ইসলাম কয়েক বছর আগে মাচা পদ্ধতিতে লাউ চাষ শুরু করেন। এরআগে মৌসুমি ফসল চাষ করে সংসারের চাহিদা মেটাতে
হিমশিম খেতে হতো তাকে। কিন্তু পরিবেশবান্ধব লাউ চাষের প্রথম বছরেই ভালো ফলন ও লাভ পাওয়ায় ধীরে ধীরে এ চাষের পরিধি বাড়ান তিনি। বর্তমানে লাউ চাষ আয়ের অন্যতম প্রধান উৎস।
২০২৫-২৬ অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার কর্মসূচির আওতায় খরিফ মৌসুমে কামরুল ইসলাম ও মিজানুর রহমান যৌথভাবে ১০০ শতক জমিতে উত্তম কৃষিচর্চা অনুসরণ করে লাউ চাষ করেন।
এ পদ্ধতিতে জমিতে ব্যবহার করা হচ্ছে শতভাগ জৈব সার-বিশেষ করে কেঁচো সার। সেচের জন্য ব্যবহার করা হচ্ছে গভীর নলকূপের পানি। কীটপতঙ্গ দমনে রাসায়নিক বালাইনাশকের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে সেক্স ফেরোমন ফাঁদ ও আঠালো ফাঁদ।
কৃষক মাঠ স্কুল থেকে প্রশিক্ষণ নিয়ে উত্তম কৃষিচর্চার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা পান কামরুল। পরে সেগুলো নিজের জমিতে প্রয়োগ করেন। এতে চাষাবাদের খরচ নিয়ন্ত্রণের পাশাপাশি ভালো ফলন পাচ্ছেন বলে জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, ‘আগে মৌসুমি ফসল চাষ করতাম। তাতে সংসার চালানো ছিল অত্যন্ত কঠিন।
লাউ চাষ শুরু করার পর পরিস্থিতি বদলেছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করায় খরচ কমছে এবং ভালো ফলনও পাচ্ছি। নিরাপদ উপায়ে লাউ উৎপাদন করতে পেরে আমি সন্তুষ্ট।’
ইতোমধ্যে তার ক্ষেত থেকে ২৫০টির বেশি লাউ বিক্রি হয়েছে। এখনো গাছে ঝুলছে আরও ৩শ’টির বেশি লাউ। ৫০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত দামে লাউ বিক্রি হচ্ছে। ক্ষেত থেকেই দূর-দূরান্তের ক্রেতারা লাউ কিনতে আসেন। পাইকারদের কাছে বিক্রির পাশাপাশি নিজেও বাজারে নিয়ে বিক্রি করেন। তার সঙ্গে নিয়মিত কাজ করছেন দু’জন শ্রমিক।
কামরুল জানান, বড় ধরনের বন্যা না হলে লাউ চাষ থেকে বছরে সব খরচ বাদ দিয়ে তিন থেকে চার লক্ষ টাকা আয় করা সম্ভব। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদের পরিকল্পনা রয়েছে তার। এ জন্য প্রায় ১০বিঘা জমি প্রস্তুত করছেন তিনি।
লাউ কিনতে আসা জুয়েল লস্কর বলেন, ‘ক্ষেত থেকেই সরাসরি লাউ কিনতে পারছি। লাউগুলো দেখতে সতেজ ও ভালো মানের। পরিবেশবান্ধব পদ্ধতিতে উৎপাদিত হওয়ায় এসব সবজি কিনতে আগ্রহী হচ্ছেন অনেকেই। বাজারের তুলনায় ক্ষেত থেকে টাটকা লাউ পাচ্ছি আমরা। দামও একটু কম।
ঝালকাঠি সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আহমেদ বলেন, কামরুল ইসলামের লাউ বাগানে কৃষি বিভাগের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ দেয়া হচ্ছে। উন্নত জাতের বীজ দিয়েও সহযোগিতা করা হচ্ছে। উত্তম কৃষিচর্চা অনুসরণ করে নিরাপদ সবজি উৎপাদনে তার উদ্যোগ প্রশংসনীয়।
তিনি আরও জানান, ঝালকাঠি সদর উপজেলায় চলতি মৌসুমে ৪০ হেক্টর জমিতে লাউয়ের আবাদ হয়েছে। এসব জমিতে উৎপাদিত লাউয়ের আনুমানিক বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি। কামরুলের দেখাদেখি আরও অনেকে এখন এই পদ্মতিতে লাউ চাষ শুরু করেছেন।
(বাসস)
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।