উচ্চ আদালতের এনক্যাডারমেন্টের রায় দ্রুত বাস্তবায়নের জন্য মহাপরিচালককে স্মারকলিপি ও মানববন্ধন
২৩/০৯/২০২৪ খ্রিঃ তারিখে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) এর ৮৯ জন প্রথম শ্রেণীর কর্মকর্তাকে বিসিএস (কৃষি) ক্যাডারে একীভূত করার লক্ষে মহামান্য আদালতের রায় দ্রুত বাস্তবায়নের জন্য এসআরডিআই এর ডিজির মাধ্যমে সচিব,কৃষি মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় কর্মকর্তারা নিম্মলিখিত দাবীগুলো পেশ করেন----
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট (এসআরডিআই) কৃষি মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একটি প্রতিষ্ঠান। বর্তমানে প্রতিষ্ঠানটি ক্যাডার ও নন-ক্যাডার দুইটি নিয়োগ বিধির মাধ্যমে পরিচালিত হচ্ছে। এর ফলে কর্মকর্তাদের পদোন্নতি, পদায়ন, প্রশিক্ষণ সহ নানাবিধ বৈষম্য তৈরি হয়। বিশেষ করে নন-ক্যাডার কর্মকর্তাগণ সরাসরি কৃষক সেবার সাথে জড়িত থাকা সত্ত্বেও চরম বৈষম্যের শিকার হচ্ছেন। ফলে প্রতিষ্ঠানটিতে কর্ম পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং প্রতিষ্ঠানে স্থবিরতা দেখা দিচ্ছে।
এসব কারণে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগের প্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় সামগ্রিক এনক্যাডারমেন্ট করার নির্দেশনা দেয় (সংযুক্তি-১)। এর প্রেক্ষিতে এসআরডিআইতে ক্যাডার ও নন-ক্যাডার উভয় পক্ষের সমন্বয়ে একটি যৌথ কমিটি করা হয়। কমিটি আগ্রহী নন-ক্যাডার কর্মকর্তাদের বিশেষ বিধানের মাধ্যমে এনক্যাডার করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে (সংযুক্তি-২)। উল্লেখ্য যে, আগ্রহী নন-ক্যাডার কর্মকর্তাগণ বিশেষ বিধানের মাধ্যমে এনক্যাডার হওয়ার জন্য কৃষি সচিব মহোদয়ের বরাবর আবেদন করেন।
পরবর্তিতে নন-ক্যাডার কর্মকর্তাদের নিয়োগ বিধি (৯৮সালের) চ্যালেঞ্জ করে ক্যাডার কর্মকর্তাদের দায়েরকৃত মামলা (মামলা নং ১০৮৯৫/২০১২) গত ২০/৩/২০২৪ তারিখে মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে রায়ের মাধ্যমে পক্ষভূক্ত প্রথম শ্রেণির ৮৯ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিশেষ বিধানের মাধ্যমে বিসিএস (কৃষি) ক্যাডারের সাথে একীভূত করার আদেশ প্রদান করেন (সংযুক্তি-৩)।
এমতাবস্থায়, উপরোল্লেখিত বিষয়াবলী বিবেচনা পূর্বক এসআরডিআই এর আন্যালাইটিক্যাল সার্ভিসেস উইং এর অধীনে প্রথম শ্রেণির ৮৯ জন নন-ক্যাডার কর্মকর্তাকে বিসিএস (কৃষি) ক্যাডারে একীভূত করার লক্ষ্যে মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করেন।তার আগে কর্মকর্তারা মানববন্ধন করে বিভিন্ন বৈষম্যের কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানটিতে দিন দিন ক্যাডার নন ক্যাডার দ্বন্দ্ব লেগেই আছে। তাই উক্ত প্রতিষ্ঠানে এনক্যাডারমেন্ট এর বিকল্প নেই। এই রায় দ্রুত বাস্তবায়ন না হলে কর্মকর্তারা আরও কঠোর কর্মসূচি দিবেন বলে নিশ্চিত করেন।
এগ্রিবার্তা ডেস্ক:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।