২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

সীসা দূষণ রোধে কর্মপরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধি উদ্যোগ

এগ্রিবার্তা ডেস্ক: ৩ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সীসা দূষণ রোধে কর্মপরিকল্পনা ও সচেতনতা বৃদ্ধি উদ্যোগ

২ অক্টোবর ২০২৪ তারিখে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সীসা দূষণ শনাক্তকরণ, নিয়ন্ত্রণ এবং ক্ষতি প্রতিরোধের লক্ষ্যে গঠিত মাল্টিসেক্টরাল স্টিয়ারিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের সচিব ড. ফরহিনা আহমেদের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন মন্ত্রণালয় ও অংশীজনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, সীসা দূষণ নিয়ন্ত্রণে বিপজ্জনক পদার্থ নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বিধি প্রণয়ন এবং বিভিন্ন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় রিপোর্ট সংগ্রহ করা হবে। অংশীজনদের দ্বারা ইতোমধ্যে গৃহীত কার্যক্রমের পর্যালোচনা করে পূর্ণাঙ্গ নীতিমালা তৈরির জন্য একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে। লেড দূষণের উৎসগুলোকে পরিবেশগত ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক করা হবে এবং যেকোনও ঘাটতি দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হবে।

বৈঠকে সীসা দূষণ পর্যবেক্ষণ ও গবেষণার গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষত, ব্যাটারি ও রিসাইক্লিং শিল্পে সীসা দূষণের প্রভাব কমাতে সম্প্রসারিত উৎপাদক দায়িত্ব (EPR) কার্যকর করার ওপর জোর দেয়া হয়। সচেতনতা বৃদ্ধি ও দূষণের উৎস চিহ্নিত করতে প্রচারণা চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য সেবা বিভাগে ল্যাব সুবিধা বাড়াতে একটি ছোট ওয়ার্কিং কমিটি গঠনের সিদ্ধান্ত হয়, পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে শিক্ষা কার্যক্রম অন্তর্ভুক্ত করবে।

বৈঠকে ইউনিসেফ, ডব্লিউএইচও, বিশ্বব্যাংক, ইউএসএআইডি, এডিবি, পিওর আর্থ বাংলাদেশ এবং বিভিন্ন জাতীয় বেসরকারি সংগঠন যেমন ইএসডিও, বাংলাদেশ পেইন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন, অ্যাকিউমুলেটর ব্যাটারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ অ্যালুমিনিয়াম ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক:

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।