যৌন নিপীড়নের অভিযোগে বাকৃবি শিক্ষক সাময়িক বরখাস্ত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। গত সোমবার বিকেলে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিষয়টি বুধবার (১৬ অক্টোবর) নিশ্চিত করেছেন উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, তদন্ত কমিটির প্রতিবেদন ও সুপারিশের ভিত্তিতে অধ্যাপক ড. মো. হারুন-অর-রশিদকে সাময়িক বরখাস্ত করা হয় এবং তাকে শোকজের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের জন্য ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
সেইসঙ্গে সিন্ডিকেটে বিগত বছরের যৌন হয়রানির ঘটনাগুলোরও পর্যালোচনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মালয়েশিয়ান দূতাবাস থেকে এ ঘটনার তদন্তের ফলাফল জানতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে, সঠিক তদন্তের মাধ্যমে উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের লিগাল এইড উপ-পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ড. হারুনের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের মালয়েশিয়ান এক নারী শিক্ষার্থী যৌন নিপীড়নের অভিযোগ আনেন। অভিযোগের পরই পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত চলাকালীন শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের মাধ্যমে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বাকৃবি প্রতিনিধি:
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।