২১ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
পরিবেশ

পলিথিনমুক্ত বাজারের জন্য পুরস্কারের ঘোষণা

এগ্রিবার্তা ডেস্ক ২১ অক্টোবর ২০২৪ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
পলিথিনমুক্ত বাজারের জন্য পুরস্কারের ঘোষণা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ঘোষণা করেছেন, যেসব বাজার পলিথিনমুক্ত হবে, সেগুলোকে পুরস্কৃত করা হবে।

গতকাল রোববার রাজধানীর পরিবেশ অধিদপ্তরে ব্যবসায়ী মালিক সমিতির সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এই ঘোষণা দেন।

পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর থেকে দেশের সুপারশপ এবং নভেম্বর থেকে বাজারে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করা হবে। উপদেষ্টা বলেন, পলিথিন ব্যাগ উৎপাদন, পরিবহন, বিপণন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে এবং এর পরিবর্তে পাট ও চটসহ পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহার করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজধানীর পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগমুক্ত বাজারগুলোকে পুরস্কৃত করা হবে।

এছাড়া, গতকাল তিনি একটি সেমিনারে বক্তব্য রাখেন যেখানে আসন্ন জলবায়ু সম্মেলন (কপ২৯) সামনে রেখে বাংলাদেশের নাগরিক সংগঠনের অবস্থান তুলে ধরা হয়। এই সেমিনারটি ২০টি নাগরিক সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়।

রিজওয়ানা হাসান বলেন, কপ২৯ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বাংলাদেশের শক্ত অবস্থান থাকবে। তিনি উল্লেখ করেন, উন্নত দেশগুলো যদি অর্থ সহায়তা দেয়, তাহলে বাংলাদেশ ‘অসহায়ত্ব থেকে’ বেরিয়ে আসবে।

তিনি বাজেটে বরাদ্দকৃত ১০০ কোটি টাকার জলবায়ু তহিলকে অপর্যাপ্ত উল্লেখ করে বলেন, “এই টাকা দিয়ে ফেনী বা নোয়াখালী সামলানো সম্ভব নয়।” তিনি আরও জানান, বন্যার ক্ষতি নিয়ে তথ্যচিত্র তৈরি করে কপ সম্মেলনে প্রদর্শন করা হবে যাতে বিশ্বের জনগণ আমাদের অবস্থান বুঝতে পারে।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ‘জলবায়ু অর্থায়নে ন্যায়বিচার: বাংলাদেশ ও অন্যান্য স্বল্পোন্নত দেশগুলোর জন্য জলবায়ু ঋণের ফাঁদের ঝুঁকি’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি জলবায়ু অর্থায়ন ব্যবস্থায় ন্যায্যতা ও স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।