রবি মৌসুমের ফসল উৎপাদন বৃদ্ধি ও ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের সহায়তায় পটুয়াখালীর দশমিনায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইরিতজা হাসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ।
অনুষ্ঠানে গম, সরিষা, সূর্যমুখী, চিনাবাদাম, সয়াবিন, মুগ, মসুর, খেসারী, ফেলন ও শাকসবজি ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের সূচনা করা হয়।
কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে ৫,০৫৫ জন কৃষককে বিভিন্ন প্রকার বীজ ও সার প্রদান করা হচ্ছে। এছাড়া ৪৫০ জন কৃষককে বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জাফর আহমেদ বলেন, সরকারের এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের আরও উৎসাহিত করবে। উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
প্রধান অতিথি ইউএনও ইরিতজা হাসান বলেন, সরকার কৃষকের পাশে আছে এবং থাকবে। আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে দেশে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে।
