বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখার সর্বশেষ ২১ সদস্য বিশিষ্ট আংশিক আহবায়ক কমিটি গঠিত হয় ২০২১ সালের ১৬ জুন। প্রায় সাড়ে চার বছর পর সেই আহবায়ক কমিটি ১৯১ সদস্যে বর্ধিত করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ওই নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মো. আতিকুর রহমান এবং সদস্য সচিব হিসেবে মো. শফিকুল ইসলাম ছাড়াও এ এম শোয়াইবকে সিনিয়র যুগ্ন আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। পাশাপাশি ৬৩ জন যুগ্ম-আহ্বায়ক এবং ১২৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
একই সাথে সকল সাংগঠনিক কাজ আহবায়ক, সদস্য সচিব ও সিনিয়র যুগ্ম আহবায়কের স্বাক্ষরে পরিচালিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এবিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. আতিকুর রহমান বলেন, 'বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাকৃবির শাখার নবগঠিত কমিটিতে এক ঝাঁক মেধাবীদের স্থান দেওয়া হয়েছে। ছাত্রদল সমসময় মেধাবী ও মননশীলদের নিয়ে কাজ করে এসেছে, যারা এমন চিন্তা আদর্শ লালন করে করে তারা জাতীয়তাবাদী পতাকাতলে এসেছে। ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব রাজনীতিতে বিশ্বাসী করে। আমরা চাই বাকৃবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ থাকুক, শিক্ষার্থীরা নিরাপদে অবস্থা করুক। শিক্ষার্থীদের সাথে নিয়ে তাদের পালস বুঝে সুসংগঠিত রাজনীতির দ্বার উন্মোচন করেছে। আমাদের সংগঠন সবসময় নারীবান্ধব রাজনীতি করে আসছে, নবগঠিত কমিটিতে ২০ জন নারী স্থান পেয়েছে। আমরা চাই বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহন আরও বৃদ্ধি পাক।'