ঢাকা, ২৯ মার্চ ২০২৬, রবিবার

কৃষক কার্ড পাবেন ১ কোটি ৬৫ লাখ কৃষক, পাবেন ১০ সুবিধা



কৃষি

এগ্রিবার্তা ডেস্ক

(৬ দিন আগে) ২২ মার্চ ২০২৬, রবিবার, ৯:১৮ অপরাহ্ন

agribarta

দেশের কৃষি ব্যবস্থাকে আধুনিকায়ন এবং কৃষকদের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে বড় পদক্ষেপ নিয়েছে বর্তমান সরকার। আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে 'কৃষক কার্ড'। এই প্রকল্পের আওতায় আগামী ৪ বছরে দেশের ১ কোটি ৬৫ লাখ কৃষকের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হবে। মৎস্যচাষি ও দুগ্ধ খামারিরাও এই কার্ডের আওতাভুক্ত থাকবেন।

প্রাথমিকভাবে এই মেগা প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৬৮১ কোটি টাকা। উদ্বোধনের তারিখ ১৪ এপ্রিল, ২০২৬, মোট সুবিধাভোগী ১ কোটি ৬৫ লাখ কৃষক পরিবার এবং প্রকল্পের বাজেট ৬৮১ কোটি টাকা, যা ৪ বছর মেয়াদী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এই একটি কার্ডের মাধ্যমেই কৃষকরা কাঠামোগত বঞ্চনা থেকে মুক্তি পাবেন।

কার্ডধারীরা যে সুবিধাগুলো পাবেন: ন্যায্যমূল্যে সার, বীজ ও কৃষি উপকরণ, সরাসরি সরকারি ভর্তুকি, কৃষি প্রণোদনা ও আর্থিক সহায়তা, সুলভ মূল্যে সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, শস্য ও কৃষি বিমা সুবিধা, সরাসরি সরকারি গুদামে পণ্য বিক্রয়, আধুনিক কৃষি বিষয়ক প্রশিক্ষণ, আবহাওয়ার আগাম তথ্য এবং রোগবালাই দমনে বিশেষজ্ঞ পরামর্শ।

সরকার কৃষকদের আয় ও জমির মালিকানা অনুযায়ী ৫টি শ্রেণিতে ভাগ করছে। এগুলো হলো ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি ও সচ্ছল কৃষক। প্রতিটি কার্ডে কৃষকের ৪৫ ধরনের তথ্য সম্বলিত একটি ডিজিটাল ডেটাবেজ থাকবে। এর ফলে প্রকৃত কৃষকরাই কেবল সরকারি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমবে।

কৃষি থেকে আরও পড়ুন

সর্বশেষ