ঢাকা, ২৩ জুন ২০২৬, মঙ্গলবার

দেশে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন স্থাপন করা হয়েছে : বিদ্যুৎ মন্ত্রী



জাতীয়

বাসস

(৩ ঘন্টা আগে) ২২ জুন ২০২৬, সোমবার, ৮:৫৫ অপরাহ্ন

agribarta

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, কৃষি খাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সেচ ব্যবস্থা সম্প্রসারণের লক্ষ্যে দেশে বর্তমানে ৩ হাজার ৪৫৭টি সোলার ইরিগেশন (সৌরচালিত সেচ ব্যবস্থা) স্থাপন করা হয়েছে।

আজ জাতীয় সংসদে শেরপুর-২ আসনের সরকারি দলের সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরীর টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ), পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো)-এর বিভিন্ন প্রকল্পের আওতায় এসব সৌরচালিত সেচ ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

তিনি জানান, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ডিজেলের ওপর নির্ভরশীলতা হ্রাস এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে সরকার সোলার সেচ পাম্প স্থাপনে গুরুত্ব দিয়ে কাজ করছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির অধীন শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলায় ‘সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ইতোমধ্যে দু’টি সোলার সেচ পাম্প স্থাপন করা হয়েছে। 

তিনি আরো জানান, শেরপুর জেলায় কৃষকদের সেচ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে আরো ৩১টি সোলার সেচ পাম্প স্থাপনের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

মন্ত্রী বলেন, কৃষিখাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি এবং টেকসই সেচ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে খাদ্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ