
নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ভ্যালু চেইন উন্নয়নে সম্মিলিত প্রয়াস শীর্ষক দুই দিন ব্যাপী জাতীয় সম্মেলন আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি ২০২০ ঢাকাস্থ বিএআরসি কনফারেন্স রুম, ফার্মগেইটে অনুষ্ঠিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসাবে বিসেফ ফাউন্ডেশন ও বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল যৌথ ভাবে এ সেমিনারের আয়োজন করেছে।
‘সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য: মুজিববর্ষে অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে বিএআরসি এর নির্বাহী চেয়ারম্যান ড. শেখ মোহাম্মদ বখতিয়ার এর সভাপতিত্বে এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সম্মেলন উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এম.পি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহবুব কবীর, এসিআই এগ্রি বিজনেস এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড.এফ এইচ আনসারী।
বিসেফ ফাউন্ডেশনের সভাপতি ড. মোহাম্মদ জয়নুল আবেদীন সম্মেলনে স্বাগত বক্তব্য রাখবেন। দুই দিন ব্যাপী সম্মেলনের বিভিন্ন কারিগরী অধিবেশনে শস্য, ফল, সবজি, মৎস্য, গবাদি পশু ও হাঁস-মুরগী এর নিরাপদ ও পুষ্টিকর খাদ্য ভ্যালু চেইন বিষয়ক বিস্তারিত আলোচনা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।