২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

ভালোবাসা দিবসে বাড়ছে ফুলের চাহিদা

এগ্রিবার্তা ডেস্ক ১০ ফেব্রুয়ারি ২০২৫ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
ভালোবাসা দিবসে বাড়ছে ফুলের চাহিদা

ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে দিনাজপুরের বিরল উপজেলার ফুলচাষীরা ব্যস্ত সময় পার করছেন। এ সময়ে ফুলের চাহিদা বেড়ে যাওয়ায়, তারা ফুলগাছ পরিচর্যায় মনোযোগ দিচ্ছেন।

দিনাজপুর জেলার ফুলের চাহিদা মেটাতে যশোর ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলা থেকে ফুল আমদানি করা হলেও, সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কৃষকরা বাণিজ্যিকভাবে ফুলচাষে আগ্রহী হয়ে উঠেছেন। ভালো দাম পাওয়ায় অনেকেই অন্য ফসলের তুলনায় ফুল চাষকে লাভজনক মনে করছেন।

বিরল উপজেলার কাজিপাড়া গ্রামের তিনজন চাষি এক থেকে দেড় বছর আগে বাণিজ্যিকভাবে ফুলচাষ শুরু করেন। এ বছর তাদের গোলাপ, রজনীগন্ধা ও গাঁদা ফুলের বাগান ভালো ফলন দিয়েছে, যা দেখে অন্য চাষিরাও আগ্রহী হয়ে উঠেছেন।

ফুলচাষী সুলতান জানান, তিনি কয়েক বছর ধরে ফুল চাষ করছেন এবং এখনো পর্যন্ত কোনো লোকসানের মুখ দেখেননি। বরং লাভজনক হওয়ায় আগামীতে ফুলচাষের পরিসর বাড়ানোর পরিকল্পনা করছেন। তার বাগানে নিয়মিতই দর্শনার্থীরা ভিড় করছেন, যা ফুল ব্যবসার সম্ভাবনাকে আরও বাড়িয়ে তুলছে।

বিরল উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তফা হাসান ইমাম জানান, এই অঞ্চলের মাটি ফুল চাষের জন্য অত্যন্ত উপযোগী। কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তারা ফুলচাষে আরও বেশি লাভবান হতে পারেন।

ফেব্রুয়ারি মাসে ফুলের চাহিদা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়, তাই চাষিরা এখন ফুলের যত্নে ব্যস্ত সময় পার করছেন। আশানুরূপ লাভ হলে আগামী বছর ফুলচাষ আরও বাড়বে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।