২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বাকৃবিতে ছয় শতাধিক কৃষি ভিত্তিক গবেষণা উপস্থাপন

এগ্রিবার্তা ডেস্ক ১৮ ফেব্রুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বাকৃবিতে ছয় শতাধিক কৃষি ভিত্তিক গবেষণা উপস্থাপন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকেরা ছয় শতাধিক কৃষিভিত্তিক গবেষণা পোস্টার ও মৌখিক উপস্থাপনার মাধ্যমে তাঁদের গবেষণার অগ্রগতি তুলে ধরেছেন। বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের শতাধিক শিক্ষক ও শিক্ষার্থী এই উপস্থাপনায় অংশগ্রহণ করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাকৃবির সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই উপস্থাপনাগুলো অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) বার্ষিক কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনে এসব গবেষণা উপস্থাপন করা হয়।

বাউরেসের পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান জানিয়েছেন, ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর থেকে বাউরেস ৪৫৩৭টি গবেষণা প্রকল্প সফলভাবে সম্পন্ন করেছে এবং বর্তমানে ৬৭৪টি গবেষণা প্রকল্প চলমান রয়েছে। এবারের কর্মশালায় ২৩টি টেকনিক্যাল সেশনের মাধ্যমে নতুন গবেষণা পরিকল্পনা নেওয়া হবে। সেশনভিত্তিক সেরা ২১ জন গবেষককে ক্রেস্ট ও সনদ প্রদান করা হবে, পাশাপাশি পোস্টার উপস্থাপনায় সেরা ছয়জন গবেষককে পুরস্কৃত করা হবে।

সার্বিকভাবে গবেষকরা কৃষিক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে উন্নতি সাধনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কেউ গবেষণা করছেন ডায়াবেটিস প্রতিরোধে কার্যকর পদ্ধতি নিয়ে, কেউ উন্নত গবাদিপশু পালন ও দুগ্ধজাত পণ্যের মানোন্নয়নে। বাজার থেকে সংগ্রহ করা মুরগি ও ডিমের ক্ষতিকর উপাদান নিয়ে গবেষণা হচ্ছে, পাশাপাশি গবাদিপশুর রোগ নির্ণয় ও প্রতিরোধের পথও অনুসন্ধান করা হচ্ছে।

অন্যদিকে, কৃষিজ ফসলের উৎপাদন বৃদ্ধি, জৈব সার উন্নয়ন, জলজ সম্পদের টেকসই ব্যবহার ও কৃষি প্রযুক্তির অগ্রগতি নিয়েও গবেষণা চলছে। পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে কৃষির প্রভাব নিয়েও গবেষণার নতুন দিগন্ত উন্মোচন করা হয়েছে।

ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী মো. আশিকুজ্জামান জানান, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, বাজার থেকে কেনা পোল্ট্রি মুরগিতে অ্যান্টিবায়োটিক ছাড়াও কক্সিডিওস্ট্যাট নামে একটি রাসায়নিক থাকে, যা অতিরিক্ত গ্রহণ করলে মানবদেহের লিভার, কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে। এমনকি উচ্চ রক্তচাপ ও ক্যান্সারের ঝুঁকিও বাড়াতে পারে।

স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী কাজী ফারাহ তাসফিয়া বলেন, "বাউরেসে গবেষণা উপস্থাপনের সুযোগ পেয়ে আমি খুব আনন্দিত। এটি আমাকে আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ করে দিয়েছে এবং আমার গবেষণাকে আরও কার্যকর করার অনুপ্রেরণা জুগিয়েছে।"

১৯৮৪ সালের ৩০ আগস্ট বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৬১তম অধিবেশনে "বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেম (বাউরেস) অধ্যাদেশ" অনুমোদন পায়। তখন থেকে বাকৃবির গবেষণা প্রকল্পসমূহ তদারকি, ব্যবস্থাপনা ও পর্যবেক্ষণের দায়িত্ব পালন করছে বাউরেস।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।