কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে: প্রেস সচিব
দেশে নিরাপদ ও টেকসই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কৃষি উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, কৃষির উন্নয়নে আধুনিক প্রযুক্তি ও উপকরণের সঠিক ব্যবহার নিশ্চিত করা হচ্ছে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার ভবনে ‘টেকসই কৃষির অগ্রযাত্রায় স্টিওয়ার্ডশিপ’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। আলোচনা সভাটি আয়োজন করেছিল বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড)।
প্রেস সচিব বলেন, দেশে কৃষি জমির পরিমাণ সীমিত হলেও উৎপাদনশীলতা বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা জরুরি। প্রধান উপদেষ্টা এ বিষয়ে সংশ্লিষ্টদের বারবার নির্দেশনা দিচ্ছেন। খাদ্য উৎপাদন বাড়াতে সরকার আধুনিক কৃষি প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে।
আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু নোমান ফারুক। সভায় আরও বক্তব্য দেন সিনজেনটা বাংলাদেশ লিমিটেডের কর্পোরেট অ্যাফেয়ার্স ও সাসটেইনেবিলিটি পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম এবং বিল্ড-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফেরদৌস আরা বেগম।
প্রেস সচিব শফিকুল আলম বৈশ্বিক বাণিজ্য যুদ্ধের সম্ভাব্য প্রভাব নিয়ে সতর্ক করেন। তিনি বলেন, যদি বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তাহলে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ দেশগুলো নিরাপদ থাকবে, কিন্তু যেসব দেশে খাদ্য উৎপাদন ঘাটতি রয়েছে, তারা সংকটে পড়তে পারে।
২০০৮ সালের বৈশ্বিক মন্দা ও ১৯৭৪ সালের দুর্ভিক্ষের উদাহরণ টেনে তিনি বলেন, বৈদেশিক মুদ্রার মজুদ কম থাকলে প্রয়োজনীয় খাদ্যশস্য আমদানি করা কঠিন হয়ে যায়। সেজন্য খাদ্য উৎপাদনে আত্মনির্ভরশীলতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিতে হবে।
প্রেস সচিব বলেন, উৎপাদনশীলতা বাড়াতে বালাইনাশক ও সার ব্যবহারের সঠিক নিয়ম অনুসরণ করা প্রয়োজন। আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এখনো আশানুরূপ হয়নি, ফলে উৎপাদনও প্রত্যাশিত মাত্রায় পৌঁছাতে পারেনি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলোকে কৃষি চুক্তিচাষ ব্যবস্থায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আলোচকরা বলেন, কৃষিতে সঠিক বালাইনাশক ব্যবহারের অনুশীলন মাটির উর্বরতা রক্ষা, জলবায়ুর ভারসাম্য বজায় রাখা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কৃষকদের সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে এর যথাযথ প্রয়োগ নিশ্চিত করা প্রয়োজন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।