২৭ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

উত্তরাঞ্চলে বৃষ্টি প্রাণ ফিরেছে সমতলের চা বলয়ে

এগ্রিবার্তা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ · ৪ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
উত্তরাঞ্চলে বৃষ্টি প্রাণ ফিরেছে সমতলের চা বলয়ে

উত্তরাঞ্চলের সমতল ভূমির চা-বাগানগুলো অবশেষে বৃষ্টির ছোঁয়া পেল। শীত শেষে বসন্তের শুরুতেই এই বৃষ্টিপাত চা-গাছের জন্য আশীর্বাদস্বরূপ। গাছের রুক্ষতা দূর হয়ে সতেজতা ফিরে আসায় নতুন মৌসুমের উৎপাদন নিয়ে চাষিদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান জানান, রবিবার সকাল থেকে কয়েক দফায় বৃষ্টি হয়েছে। সকাল ৭টা ৫ মিনিটে প্রথম দফার বৃষ্টি চার মিনিট স্থায়ী হয়। এরপর সকাল ৯টা ২০ মিনিট থেকে শুরু হয়ে ১১টা পর্যন্ত চলে বৃষ্টিপাত।

চা-বাগানের ব্যবস্থাপক ও চাষিরা জানান, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর চা-গাছে ছাঁটাই (প্রুনিং) করা হয়। এই প্রক্রিয়ায় গাছের পুরনো ডালপালা কেটে ফেলে নতুন কুঁড়ি গজানোর উপযোগী করা হয়। সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে উত্তরাঞ্চলের নীলফামারী, পঞ্চগড়, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও দিনাজপুরের চা-বাগানগুলোতে এই ছাঁটাই করা হয়। এ সময় নতুন চা-পাতা সংগ্রহ বন্ধ থাকে এবং ফ্যাক্টরিগুলোতে উৎপাদনও স্থগিত রাখা হয়।

চা-বাগানের অভিজ্ঞ ব্যবস্থাপক মিজানুর রহমান বলেন, ‘‘প্রুনিংয়ের পর চা-গাছে নতুন কুঁড়ি গজাতে সময় লাগে। এসময়ে গাছের গোড়া পরিষ্কার করা হয়, আগাছা অপসারণ করা হয় এবং পরগাছাগুলো ফেলে দেওয়া হয়। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রুনিংয়ের পর বৃষ্টি হলেই নতুন কুঁড়ির গজানো দ্রুত শুরু হয়। এবারও তাই হয়েছে।’’

চা চাষি নূরে আলম সিদ্দিকী বলেন, ‘‘বৃষ্টি না হওয়ায় এতদিন শ্যালো মেশিন দিয়ে চা-গাছে পানি দিতে হচ্ছিল। তবে বৃষ্টির পর চারা গাছগুলো দ্রুত বাড়বে, মাটি থাকবে আদ্র এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক হবে।’’

বাংলাদেশীয় চা সংসদের (বিসিএস) সংশ্লিষ্টরা জানান, বিশেষ করে নতুন চা গাছ (ইয়াং-টি) বৃষ্টির জন্য অপেক্ষায় থাকে। প্রুনিংয়ের পর বৃষ্টি হলে কুঁড়ি দ্রুত গজায়, যা ভালো মানের চা উৎপাদনে সহায়ক।

আগামী ১ মার্চ থেকে সমতলের চা-বাগানগুলোতে নতুন পাতা সংগ্রহ শুরু হবে। এই বৃষ্টির ফলে প্রথম ফ্লাশের চা-পাতা আরও সুগন্ধযুক্ত ও মানসম্মত হবে বলে আশা করা হচ্ছে। বৃষ্টির পর গাছের দ্রুত বৃদ্ধি ও পাতার রসালোভাব নিশ্চিত হলে এবারের মৌসুমটি চা-শিল্পের জন্য ভালো হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।