১৭ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

বগুড়ায় রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভ

এগ্রিবার্তা ডেস্ক ২৫ ফেব্রুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
বগুড়ায় রাস্তায় আলু ফেলে চাষিদের বিক্ষোভ

বগুড়ার শাজাহানপুর উপজেলায় হিমাগারে আলু সংরক্ষণের খরচ বেড়ে যাওয়ায় আলুচাষি ও ব্যবসায়ীরা প্রতিবাদে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন। তারা হিমাগার ভাড়া কমিয়ে আগের মূল্য বহাল রাখার দাবি জানিয়ে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গোহাইল ইউনিয়নের জামাদার পুকুর এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে কৃষক ও ব্যবসায়ীরা একত্রিত হয়ে বিক্ষোভ করেন। তারা মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানান এবং সাময়িকভাবে সড়ক অবরোধ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া কৃষকদের অভিযোগ, এ বছর প্রতি কেজি আলু সংরক্ষণে খরচ পড়বে ৮ টাকা, যা গত বছরের তুলনায় ৩ টাকা বেশি। অন্যদিকে বাজারে আলুর দামও কম। ফলে উৎপাদন খরচ, সংরক্ষণ ব্যয় ও বিক্রয়মূল্যের মধ্যে ভারসাম্য আনতে হবে, নাহলে কৃষকরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।

তারা আরও জানান, হিমাগারে আলু সংরক্ষণের পাশাপাশি হাটে নেওয়ার সময়ও বাড়তি খাজনা দিতে হয়, যদিও বেচাকেনা না হলেও এই খাজনা দিতে বাধ্য করা হয়।

আলুচাষিরা জানান, এ বছর উৎপাদন খরচও বেড়েছে কয়েকগুণ। বীজ আলুর দাম কেজিতে ১২০ টাকা, সার ও কীটনাশকের দামও কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। এমন অবস্থায় হিমাগারে সংরক্ষণ খরচ বৃদ্ধির ফলে ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা।

গত মৌসুমে প্রতি কেজি আলু সংরক্ষণে ৫ টাকা ভাড়া থাকলেও, এবার তা একতরফাভাবে ৮ টাকা করা হয়েছে, যা কৃষকদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

বিক্ষোভের একপর্যায়ে শাজাহানপুর থানা পুলিশের একটি দল এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ জানান, কৃষকদের দাবির কথা শুনে তাদের শান্ত করা হয় এবং তারা স্বেচ্ছায় রাস্তা ছেড়ে দেন।

পরে কৃষক ও ব্যবসায়ীরা শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। তারা দ্রুত সংরক্ষণ ব্যয় পূর্বের অবস্থানে ফিরিয়ে আনার দাবি জানান এবং এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।