মৎস্য অভয়াশ্রম দখল করে আ. লীগ নেতার পুকুর খনন
ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও ইউনিয়নের টঙ্গী বিলের সরকারি মৎস্য অভয়াশ্রমের জমি দখল ও পুকুর খনন করার অভিযোগ উঠেছে স্থানীয় এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। তিনি ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানও। গত এক সপ্তাহ ধরে প্রকাশ্যে ভেকু দিয়ে পুকুর খনন করার পর সরকারি সাইনবোর্ড দুটি গুঁড়িয়ে দেওয়া হয়, তবে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এই ঘটনায় রবিবার (২ মার্চ) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, টঙ্গী বিলটি সদর থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এটি সরকারি খাস জায়গায় ২০১৫-১৬ অর্থ বছরে ২ লাখ টাকা ব্যয়ে এডিপির আওতায় স্থাপন করা হয় মৎস্য অভয়াশ্রম। প্রতি বছর এখানে মৎস্য অবমুক্ত করা হয় এবং ২০২৪-২৫ অর্থ বছরে এটিকে মেরামত করার জন্য বেশ কয়েক লাখ টাকা খরচ করা হয়। এই অভয়াশ্রমে দুটি স্থায়ী সাইনবোর্ডও রয়েছে।
অভিযোগে জানা যায়, সরকারি মৎস্য অভয়াশ্রমের পাশেই স্থানীয় আওয়ামী লীগ নেতা একেএম মোফাজ্জল হোসেন কাইয়ুমের বেশ কয়েকটি বড় ফিসারি রয়েছে। সেখানে তিনি ভেকু দিয়ে বিশাল পুকুর খনন করছেন, যাতে মৎস্য অভয়াশ্রমের জায়গা দখল হয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে, এই কাজটি গত এক সপ্তাহ ধরে চলছে এবং এই সময়ের মধ্যে দুটি সাইনবোর্ড গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এ ঘটনায় উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন ঘটনাস্থলে গিয়ে সত্যতা পান। তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন এবং আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আবেদন জানান।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা কাইয়ুমের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়। তবে মো. বাচ্চু মিয়া নামের এক ব্যক্তি দাবি করেন, কাইয়ুম তার জায়গা দখল করেননি, বরং তিনি নিজস্ব পুকুরটি বাড়ানোর জন্য এই কাজ করেছেন এবং সাইনবোর্ডটি ভেকুর ধাক্কায় ভেঙে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমিনা সাত্তার জানিয়েছেন, লিখিত অভিযোগ পাওয়ার পর নান্দাইল থানাকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।