১১ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
উদ্যোক্তা

পেঁপে চাষে সফল কৃষি উদ্যোক্তা নওগাঁর আমজাদ

বাসস ১১ অক্টোবর ২০২৬ · ৪ মিনিট পড়ার সময় · ৬ বার পঠিত
শেয়ার করুন:
পেঁপে চাষে সফল কৃষি উদ্যোক্তা নওগাঁর আমজাদ

নওগাঁ জেলায় পেঁপে চাষ করে অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন।

নওগাঁ জেলার বদলগাছী উপজেলায় চুয়ারপুর গ্রামে সাড়ে তিন বিঘা জমিতে পেঁপে চাষ করে সব খরচ বাদ দিয়ে এক মৌসুমে প্রায় ২৩ লাখ টাকা আয় করার প্রত্যাশা করছেন তিনি। তার এ সাফল্য এলাকায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।

মো. আমজাদ হোসেন বাসস'কে বলেন, এখন থেকে ১০ মাস আগে তিনি সাড়ে তিন বিঘা জমিতে ১ হাজার ২৫০টি পেঁপে গাছের চারা রোপণ করেন। জমি তৈরি, চারা ক্রয়, বাঁশের খুঁটি, জৈব সার, রাসায়নিক সার, মাকরনাশক ইত্যাদি বাবদ খরচ হয়েছে প্রায় ৫ লাখ টাকা। সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে গাছে গাছে পেঁপে ধরতে শুরু করেছে। কিছু পুরুষ গাছ এবং নানাভাবে নষ্ট হয়ে যাওয়া ৫০টি গাছ বাদ দিলে মোটামুটি ১ হাজার ২শ’ গাছে পুরোপুরি পেঁপে রয়েছে।

বাগানে সারি সারি গাছ। আর গাছে গাছে ধরে আছে কেবল পেঁপে আর পেঁপে। পেঁপেগুলো বেশ বড় আকারের। দেখলে যে কারো মন জুড়িয়ে যায়।

আমজাদ হোসেন আরও বলেন, প্রতিটি গাছ থেকে কমপক্ষে ২ মণ করে পাকা পেঁপে পাওয়া যাচ্ছে। সেই হিসেবে ১২শ’ গাছ থেকে ২ মণ হারে চলতি বছর ২৪শ’ মণ পেঁপে উৎপাদনের আশা করছেন তিনি। প্রতি মণ পেঁপে সর্বনিম্ন ১২শ’ টাকা দরে বিক্রি করছেন। সেই হিসেবে জমিতে উৎপাদিত পেঁপের সর্বমোট বিক্রি মূল্য ২৮ লাখ ৮০ হাজার টাকা। মোট খরচ ৫ লাখ টাকা বাদ দিলে নীট মুনাফা ২৩ লাখ টাকার ওপর।

বাগান থেকেই বিক্রি হচ্ছে এসব পেঁপে। আবার এলাকার লোকজন বাড়িতে খাওয়ার জন্য সরাসরি কিনে নিয়ে যান তার বাগান থেকে।

বাগান পেঁপে কিনতে আসা মো. আজিজুল ইসলাম এবং অরুপ কুমার বাসসকে বলেন, পেঁপে গাছে এতো বেশি বেশি পেঁপে ধরা খুব একটা দেখেন নি। এই পেঁপে বাগান দেখে তাদের খুব ভালো লেগেছে। পেঁপেগুলো খেতেও মিষ্টি এবং সুস্বাদু। প্রতিদিন এলাকার বিভিন্ন গ্রাম থেকে প্রচুর সংখ্যক মানুষ বাগান দেখতে এবং পেঁপে কিনতে আসেন। অনেকেই এমন একটি পেঁপে বাগান গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেন এবং আমজাদ হোসেনের কাছে পরামর্শ কামনা করেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁ’র উপ-পরিচালক মো. মনজুর রহমান বাসসকে বলেন, পেঁপে চাষ করে অল্প সময়ের মধ্যে সাফল্য অর্জন করেছেন নওগাঁর কৃষি উদ্যোক্তা আমজাদ হোসেন। কৃষি বিভাগ থেকে এমন উদ্যোক্তাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিতে সব সময় প্রস্তুত। তার এমন সাফল্যে এলাকাবাসীর মধ্যে পেঁপে চাষে আগ্রহ বেড়েছে। 

বাসস

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।