২১ অক্টোবর ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
ক্যাম্পাস

আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয় হবে কৃষি বিশ্ববিদ্যালয়

এগ্রি বার্তা প্রতিবেদক ২০ অক্টোবর ২০২৬ · ৪ মিনিট পড়ার সময় · ১২ বার পঠিত
শেয়ার করুন:
আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয় হবে কৃষি বিশ্ববিদ্যালয়

পাবনায় পূর্ণাঙ্গ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে অগ্রগতি হয়েছে। জেলার আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয়কে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

গত ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। চিঠিতে আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয়কে পূর্ণাঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক সম্ভাব্যতা যাচাই করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস নির্বাচনের আগে জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে যোগাযোগ ও দাপ্তরিক চিঠি চালাচালি অব্যাহত রাখেন। এর ধারাবাহিকতায় সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। পাবনা কৃষিপ্রধান জেলা। এখানে পেঁয়াজ, চাল, গম, সবজি, ডাল ও দুগ্ধজাত পণ্যের ব্যাপক উৎপাদন হয়। স্থানীয়দের মতে, জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে উত্তরাঞ্চলে কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির প্রসার এবং দক্ষ কৃষিবিদ তৈরিতে নতুন সুযোগ সৃষ্টি হবে।

সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ‘পাবনার মানুষ দীর্ঘদিন ধরে একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে আসছে। নির্বাচনের সময় আমি সাধারণ মানুষকে কথা দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে কাজ করছি। মন্ত্রণালয়ের এই নির্দেশনা পাবনাবাসীর স্বপ্নের প্রথম বড় জয়। এটি দ্রুত বাস্তবায়নে আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাব।’  কৃষিবিদ জাফর সাদেক বলেন, ১৯৮০ সাল থেকেই পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। তবে পরে এ উদ্যোগে আর অগ্রগতি দেখা যায়নি। সাম্প্রতিক অগ্রগতির খবরটি পাবনার মতো কৃষিভিত্তিক জেলার জন্য সুখবর।

এগ্রি বার্তা প্রতিবেদক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।