ঢাকা, ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

সন্তানের অনুরোধেই স্ট্রবেরি চাষে সফল কুমিল্লার হনুফা



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ১০ মে ২০২৫, শনিবার, ১০:১১ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৬:১০ অপরাহ্ন

agribarta

বিদেশি ফল স্ট্রবেরির চাষ এখন আর কেবল কল্পনার বিষয় নয়। কুমিল্লার বুড়িচং উপজেলার পশ্চিম সিংহ গ্রামের গৃহিণী হনুফা আক্তার প্রমাণ করেছেন ইচ্ছা, সাহস আর সহায়তা থাকলে যে কেউ গ্রামীণ প্রেক্ষাপটেও চাষ করতে পারেন এমন ব্যতিক্রমী ফল। সন্তানের মুখে স্ট্রবেরি তুলে দিতে গিয়েই শুরু হয়েছিল তাঁর যাত্রা—আজ সেই উদ্যোগে ফুটে উঠেছে সম্ভাবনার রঙ।

প্রবাসী স্বামী আবদুর রউফের স্ত্রী হনুফা আক্তার বাড়ির পাশে মাত্র সাত শতক ছায়াযুক্ত জমিতে পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ করেন। শুরুতে নিজ পরিবারের চাহিদা মেটানোর জন্য চাষ করলেও পরে ফলনের পরিমাণ দেখে আশপাশের মানুষদের কাছেও বিক্রি শুরু করেন তিনি। একেক কেজি স্ট্রবেরি তিনি ৬০০ টাকা দরে বিক্রি করেছেন। ফলের রঙ ও স্বাদে মুগ্ধ হয়ে স্থানীয় শিশুরা প্রতিদিনই ভিড় করছে এই ক্ষুদ্র বাগানে।

এই উদ্যোগের পেছনে রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা মনোয়ারা বেগম, যিনি হনুফার আগ্রহকে গুরুত্ব দিয়ে কুমিল্লা হর্টিকালচার সেন্টার থেকে চারা সংগ্রহ করে দেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে পাশে দাঁড়ান শুরু থেকেই। শুরুতে হনুফার পাশে ছিলেন তাঁর শ্বশুর গোলাম মোস্তফা ও প্রবাসী স্বামী, যারা তাকে সাহস দিয়েছেন মাঠে নামার।

হনুফা বলেন, “আমার ছেলে স্ট্রবেরি খেতে চাইলে বাজারে গিয়ে দেখি খুব দাম। তখনই মনে হলো, নিজেই যদি চাষ করি! এখন সেই চাষ থেকেই দুধারে লাভ—সন্তানের খুশি আর নিজের আত্মবিশ্বাস।”

এই মৌসুমে তিনি ইতিমধ্যে প্রায় ১৮–২০ কেজি স্ট্রবেরি বিক্রি করেছেন, আর আগামীতেই এই চাষ ৩০ শতক জমিতে সম্প্রসারণ করার পরিকল্পনা করছেন।

বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিনা আক্তার বলেন, “হনুফা একজন উদ্যমী নারী কৃষক। তিনি নতুন ফসল নিয়ে সবসময় আগ্রহী। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে তাঁকে পুরোপুরি সহযোগিতা করেছি। ভবিষ্যতে তিনি বাণিজ্যিকভাবে চাষাবাদ শুরু করতে যাচ্ছেন।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ বলেন, “স্ট্রবেরি একটি বিদেশি ফল হলেও বাংলাদেশে এটি জনপ্রিয় হচ্ছে দ্রুত। আকর্ষণীয় বর্ণ, সুগন্ধি ও পুষ্টিগুণের কারণে এটি বাজারে চাহিদাসম্পন্ন। বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ করতে আগ্রহীরা চাইলে কৃষি বিভাগ সব ধরনের সহায়তা দেবে।”

সন্তানের ভালোবাসা থেকে শুরু করে আত্মবিশ্বাসের পথে এগিয়ে চলা একজন মায়ের গল্প হয়ে উঠেছে আজ এলাকার অনুপ্রেরণা। এই ছোট্ট প্লটে ফুটে থাকা স্ট্রবেরির ঝিকিমিকি শুধু রঙ নয়, তা নতুন এক সম্ভাবনার বার্তাও বয়ে আনছে।

উদ্যোক্তা থেকে আরও পড়ুন

সর্বশেষ