ঢাকা, ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

খাগড়াছড়িতে বিদেশি জাতের আম চাষে নতুন সম্ভাবনা



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(১০ মাস আগে) ১৩ মে ২০২৫, মঙ্গলবার, ১০:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ৫:৪৩ অপরাহ্ন

agribarta

খাগড়াছড়ির পাহাড়ি জনপদে এখন পাল্টে যাচ্ছে ফলচাষের ধারা। দেশীয় জাতের পাশাপাশি দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি আমের চাষ। জাপান, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং আমেরিকার নামিদামি জাতের আম এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে জেলার বিভিন্ন উপজেলায়। আকর্ষণীয় রঙ, দারুণ স্বাদ এবং উচ্চ বাজারমূল্যের কারণে এই আমগুলো ক্রেতা ও কৃষকের কাছে সমানভাবে জনপ্রিয় হয়ে উঠছে।

সদর উপজেলার ভাইবোনছড়া এলাকার কৃষক উচনু চৌধুরী নিজের ৫ একর জমিতে গড়ে তুলেছেন বিদেশি আমের বাগান। তার বাগানে রয়েছে জনপ্রিয় জাতের মিয়াজাকি, চিয়াংমাই, ব্যানানা ম্যাংগো, আমেরিকান রেড পালমার, কিউজাই ও ব্লাকস্টোন ম্যাংগো। তিনি বলেন, “বিদেশি আমের ফলন ভালো হচ্ছে, বাজারেও দাম পাচ্ছি আশানুরূপ। আমি আরও বড় পরিসরে এই চাষ করতে চাই।”

অন্যদিকে, ভূয়াছড়ি এলাকার মং গ্রীন লাইফ এগ্রোফার্ম গড়ে তুলেছেন মংশিতু চৌধুরী। ২০১৪ সালে সরকারি চাকরি ছেড়ে তিনি শুরু করেন আমচাষ। বর্তমানে ৩০ একর জমিতে তিনি চাষ করছেন ৫৪ জাতের দেশি ও বিদেশি আম। তার প্রত্যাশা, এ মৌসুমে অন্তত ৫০ লাখ টাকার আম বিক্রি করতে পারবেন। তার ভাষায়, “প্রচলিত জাতের চেয়ে বিদেশি আম চাষে লাভ অনেক বেশি।”

এই আমগুলোর বাজারমূল্যও বেশ আকর্ষণীয়। উদাহরণস্বরূপ মিয়াজাকি: প্রতি কেজি ৫০০–৯০০ টাকা, রেড আইভরি: ৩০০–৩৫০ টাকা, ব্যানানা ম্যাংগো: ১০০–১৫০ টাকা, হানিডিউ, আরটুইটু: ৩০০–৫০০ টাকা, কিং অব চাকাপাত: ৫০০–৭০০ টাকা, কিউজাই ও পালমার: ১৫০–৫০০ টাকা।

এই আমগুলো মূলত অনলাইনের মাধ্যমে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহরে সরবরাহ করা হচ্ছে।

খাগড়াছড়ি ফল ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি সমির হোসেন সুজন বলেন, “জেলায় প্রতিবছর প্রায় ৭০০ থেকে ৮০০ কোটি টাকার আম উৎপন্ন হয়। সরকার টোল আদায় সঠিকভাবে করলে এবং চাঁদাবাজি বন্ধ হলে বাইরের বিনিয়োগকারীরাও আগ্রহী হবেন।”

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাছিরুল আলম বলেন, “বিদেশি আমের চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। পরিচর্যার খরচ দেশি আমের মতোই, কিন্তু লাভ বেশি হওয়ায় আমরা কৃষকদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছি।”

বিশেষজ্ঞরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে পাহাড়ি কৃষি অর্থনীতিতে বিপুল পরিবর্তন আসবে। শুধু আমই নয়, ভবিষ্যতে খাগড়াছড়ি হয়ে উঠতে পারে বিদেশি ফলচাষের সম্ভাবনাময় অঞ্চল।

উদ্যোক্তা থেকে আরও পড়ুন

সর্বশেষ