ঢাকা, ১৩ মার্চ ২০২৬, শুক্রবার

কুমিল্লায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ



উদ্যোক্তা

এগ্রিবার্তা ডেস্ক

(৬ মাস আগে) ১৭ আগস্ট ২০২৫, রবিবার, ৫:০৯ অপরাহ্ন

agribarta

কুমিল্লা জেলায় প্রথমবারের মতো শুরু হয়েছে তুলা চাষ। এক উদ্যোমী কৃষক তুলা চাষের মাধ্যমে ভিন্নধর্মী একটি উদ্যোগ গ্রহণ করেছেন। এই চেষ্টাকে সফল করতে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে তুলা উন্নয়ন বোর্ড।

সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা এলাকায় একটি ক্ষুদ্র আকারের জমিতে পরীক্ষামূলকভাবে তুলা চাষ শুরু করা হয়েছে। এ উদ্যোগের নেতৃত্ব দিয়েছেন স্থানীয় কৃষক আবু তাহের।

 

শুক্রবার (১৫ আগস্ট) সকালে জেলার বিজয়পুর ইউনিয়নের রাজারখলা পশ্চিম কাছার এলাকায় তুলা উন্নয়ন বোর্ডের কারিগরি সহায়তায় কৃষক আবু তাহেরের জমিতে ও প্রণোদনা দিয়ে কুমিল্লায় প্রথম তুলা চাষের কার্যক্রম উদ্বোধন করা হয়।

তুলা উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লায় পরীক্ষামূলক চাষ সফল হলে আগামী মৌসুমে আরও বিস্তৃত আকারে এ অঞ্চলে তুলা চাষ চালু করার পরিকল্পনা রয়েছে। কুমিল্লায় প্রথমবারের মতো তুলা চাষ একটি যুগান্তকারী পদক্ষেপ।

 

কৃষক আবু তাহের জানান, এই এলাকায় বা কুমিল্লায় আগে কখনো কেউ তুলা চাষ করেনি। শুরুতে ভয় থাকলেও তুলা উন্নয়ন বোর্ডের সহায়তা ও প্রশিক্ষণে আমি উৎসাহিত হই। স্যাররা ঢাকা থেকে আমাকে সিবি হাইব্রিড-০১, ডিএম-০৪, রুপালি-০১ এ তিন জাতের বীজ দিয়েছেন। পরে রাসায়নিক সার ও কীটনাশক দিবে। আমি এই ৩৩ শতক জমিতে ভাল ফলন পেলে আরও করব।

এদিকে কৃষি বিশেষজ্ঞরা বলছেন, তুলা চাষ শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, পরিবেশ ও মাটির ভারসাম্য রক্ষার দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে পতিত জমিগুলোতে তুলা চাষ সম্প্রসারণ করা গেলে কৃষকরা অধিক লাভবান হবেন।

সদর দপ্তর তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক রেজাউল আমীন জানান, দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় তুলা উৎপাদন এখনো অনেক কম। ফলে প্রতি বছরই বিপুল পরিমাণ তুলা বিদেশ থেকে আমদানি করতে হয়। নতুন নতুন এলাকায় তুলা চাষ সম্প্রসারণের মাধ্যমে এই নির্ভরতা কমানো সম্ভব। কুমিল্লার আবহাওয়া ও মাটি তুলা চাষের জন্য সম্ভাবনাময় বলে তারা উল্লেখ করেন। শিগগির কুমিল্লায় তুলা উন্নয়ন বোর্ডের একটি অফিস দেওয়া হবে। এতে তুলা চাষীরা উপকৃত হবেন। এই তুলা চাষের পাশাপাশি বিভিন্ন রকমের সবজি এ জমিতে উৎপাদন করা সম্ভব। এতে করে একই খরচে একাধিক ফসল চাষাবাদে কৃষক আর্থিকভাবে লাভবান হবেন।

 

উদ্যোক্তা থেকে আরও পড়ুন

সর্বশেষ