ঢাকা, ১১ মার্চ ২০২৬, বুধবার

ভর্তি পরীক্ষায় সিট খুঁজে পেতে উপায় জানালো বাকৃবি প্রশাসন



ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বাকৃবি

(২ মাস আগে) ৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ৮:৫৪ অপরাহ্ন

agribarta

আগামী ৩ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সহযোগিতায় কাজ করেন বাকৃবির বিভিন্ন জেলাভিত্তিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। তবে এবছর কোন সংগঠনকে হেল্প ডেস্কের অনুমতি দেয়নি বাকৃবি প্রশাসন। এমতাবস্থায় পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ সিস্টেম।

মোবাইল অ্যাপ ভিত্তিক এই সেবাটি শুধু বাকৃবি কেন্দ্রের পরীক্ষার্থীদের জন্য চালু করা হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক বিভাগের সভাকক্ষে এবিষয়ে সাবাদিকদের বিস্তারিত জানানো হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী এবং ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ অ্যাপের সাথে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

এসময় বক্তারা বলেন,  ‘বাউ এক্সাম হল ফাইন্ডার’ একটি ওয়েবভিত্তিক সিস্টেম। গুগল ক্রোমে ‘এক্সাম হল ফাইন্ডার’ লিখে সার্চ করলেই সিস্টেমটি পাওয়া যাবে। সেখানে পরীক্ষার্থীরা তাঁদের রোল নম্বর দিলে সংশ্লিষ্ট পরীক্ষার হলের প্রধান ফটকের ছবি দেখতে পারবেন। পাশাপাশি জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে সবচেয়ে কম সময়ে পরীক্ষার হলে পৌঁছানোর দিকনির্দেশনাও মিলবে।

অধ্যাপক ড. মো. রোস্তম আলী বলেন, আগামী শনিবারের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য 'বাউ এক্সাম হল ফাইন্ডার' অ্যাপে যুক্ত হয়েছে ছবিসহ কেন্দ্র চেনার সুবিধা এবং জিপিএস নেভিগেশন। এছাড়া পরীক্ষার্থীরা যেন সহজেই কেন্দ্র খুঁজে পায়, সেজন্য ক্যাম্পাসের মোড়ে মোড়ে কিউআর কোডসহ ফেস্টুন থাকবে এবং প্রয়োজনে  ভলান্টিয়ার ও আইসিটি সেল হেল্প ডেস্কের সাথে সরাসরি যোগাযোগের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি আরও বলেন,​ প্রবেশপত্র আনতে ভুলে যাওয়া বা অন্য যেকোনো যান্ত্রিক সমস্যায় আইসিটি সেল সার্বক্ষণিক সহায়তা প্রদান করবে এবং ভবিষ্যতে এই ডিজিটাল সেবাটি কৃষি গুচ্ছের বাকি বিশ্ববিদ্যালয়গুলোতেও পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এসময় বাকৃবির ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন,​ বিশাল এই ক্যাম্পাসে সিট খুঁজে পাওয়ার দুশ্চিন্তা দূর করতে আমাদের শিক্ষার্থীরা 'বাউ এক্সাম হল ফাইন্ডার' অ্যাপের মাধ্যমে যে মেধার স্বাক্ষর রেখেছে, তা দেশের যেকোনো  ক্যাম্পাসের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আমাদের বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছিল সে সময়  শিক্ষার্থীরা অনেক সময় সিট খুঁজে পেতে বেশ কষ্ট হয়েছে কিন্তু আমাদের শিক্ষার্থীদের এই ডিজিটাল উদ্ভাবন সেই পেরেশানি দূর করে ভর্তিচ্ছুদের জন্য এক স্বস্তি তৈরি করবে বলে আশা রাখছি।

ক্যাম্পাস থেকে আরও পড়ুন

সর্বশেষ