কৃষিখাতে আধুনিকায়ন ও প্রান্তিক চাষিদের সরাসরি সরকারি সুবিধা পৌঁছে দিতে ‘কৃষক কার্ড’ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
আজ রোববার (১৫ মার্চ) সকাল ১১টায় বাংলাদেশ সংসদ সচিবালয়ে কৃষক কার্ড বিষয়ক এক উচ্চপর্যায়ের বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ভর্তুকি ও সহায়তা সরাসরি তাদের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই আধুনিক ডেটাবেইস ও কার্ড প্রকল্প হাতে নেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন, কৃষিমন্ত্রী আমিন উর রশীদ এবং প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। এছাড়া গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এছাড়া বৈঠকে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
