বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ বাঙালি জাতির অন্যতম প্রধান উৎসব, যা আমাদের ইতিহাস, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত। এই দিনটি শুধু নতুন বছরের সূচনাই নয়, বরং কৃষিভিত্তিক সমাজের নতুন আশার প্রতীক। বাংলা সনের প্রবর্তন ঘটে সম্রাট আকবর-এর শাসনআমলে (১৫৫৬-১৬০৫)। তৎকালীন ভারতবর্ষে কৃষকদের কাছ থেকে খাজনা আদায়ের সুবিধার্থে হিজরি চন্দ্রবর্ষের পরিবর্তে সৌরবর্ষভিত্তিক বাংলা সন চালু করা হয়। এই পদ্ধতিকে বলা হতো "ফসলি সন"। পরে এটি ধীরে ধীরে বাংলা বর্ষপঞ্জিতে রূপ নেয় এবং পহেলা বৈশাখ নতুন বছরের প্রথম দিন হিসেবে উদযাপিত হতে শুরু করে। বাংলা নববর্ষ মূলত কৃষিভিত্তিক অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। যেহেতু বৈশাখ মাস থেকে নতুন ফসল উৎপাদনের পরিকল্পনা শুরু হয় তাই কৃষকের কাছে এটি নতুন হিসাব-নিকাশের সময়, বীজ বপন ও উৎপাদন পরিকল্পনার সূচনা এবং ঋণ পরিশোধ ও নতুন আর্থিক চক্রের শুরু। বাংলা নববর্ষ শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির কৃষিভিত্তিক জীবনব্যবস্থার প্রতিচ্ছবি। ইতিহাসে রাজাদের গৃহীত কল্যাণমূলক কর্মসূচি কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আজও যদি সেই ঐতিহ্য অনুসরণ করে আধুনিক নীতিমালা গ্রহণ করা যায়, তবে কৃষক হবে সমৃদ্ধ, আর সমৃদ্ধ হবে দেশ।
বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে কৃষি। অথচ দীর্ঘদিন ধরে দেশের কৃষক সমাজ নানা সীমাবদ্ধতা, বৈষম্য ও প্রাতিষ্ঠানিক দুর্বলতার মধ্যে আটকে আছে। আধুনিক প্রযুক্তি, সহজ শর্তে ঋণ প্রাপ্তি, বাজারে কৃষিপণ্যের ন্যায্যমূল্য, এসব সুবিধা থেকে বঞ্চিত হওয়াই তাদের নিত্য বাস্তবতা। এমন প্রেক্ষাপটে জনাব তারেক রহমানের গণতান্ত্রিক সরকার কৃষক কার্ডের মতো একটি মহতী উদ্যোগ চালু করতে যাচ্ছে যা শুধু একটি প্রশাসনিক ব্যবস্থা নয়; বরং এটি কৃষকের ক্ষমতায়ন ও মুক্তির একটি নতুন অধ্যায়। নববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার প্রতীকী এবং বাস্তব দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ। এটি একদিকে কৃষকের প্রতি রাষ্ট্রের স্বীকৃতি, অন্যদিকে একটি কার্যকর সামাজিক সুরক্ষা কাঠামোর সূচনা করবে। কৃষক কার্ড মূলতঃ একটি ডিজিটাল পরিচয়পত্র, যা কৃষকদের সরকারি ডাটাবেজে অন্তর্ভুক্ত করবে। এর মাধ্যমে কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, প্রণোদনা, ঋণ সুবিধা এবং অন্যান্য সহায়তা পেতে পারেন। এতে মধ্যস্বত্বভোগীর দৌরাত্ম্য কমবে এবং স্বচ্ছতা বৃদ্ধি পাবে। কৃষক কার্ডের মূল উদ্দেশ্য হলো কৃষকের সঠিক তথ্যভান্ডার তৈরি করা, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা প্রদান, সহজ শর্তে কৃষিঋণ নিশ্চিত করা এবং বাজারে ন্যায্য দামে পণ্য বিক্রির সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল দেশে, যেখানে কৃষকরা প্রায়ই প্রাতিষ্ঠানিক সুবিধা থেকে বঞ্চিত হন, সেখানে এই কার্ড একটি "গেম-চেঞ্জার” হিসেবে কাজ করতে পারে। কৃষক কার্ডকে "মুক্তির সনদ” বলার পেছনে রয়েছে কয়েকটি মৌলিক কারণ, যেমন ভর্তুকি ও প্রণোদনা সরাসরি কৃষকের হাতে পৌঁছানোর সুযোগ তৈরি হবে, ঋণে সহজ প্রবেশাধিকার নিশ্চিতকরনের মাধ্যমে ব্যাংকিং সিস্টেমে কৃষকের অন্তর্ভুক্তি বাড়বে, কৃষকের পরিচয় ও ডেটা থাকায় বাজারে ন্যায্যমূল্য নিশ্চিত করা সহজ হবে, মধ্যস্বত্বভোগী ও অনিয়ম কমানোর মাধ্যমে দুর্নীতি হ্রাস পাবে। সর্বোপরি কৃষক কার্ড কৃষকের অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে একটি শক্তিশালী হাতিয়ার হিসেবে ভূমিকা রাখবে। কৃষক কার্ড উদ্যোগটি ডিজিটাল ব্যবস্থাপনাকে ব্যবহার করে কৃষিকে তথ্যভিত্তিক ও প্রযুক্তিনির্ভর খাতে রূপান্তর করতে কৃষকদের সঠিক ডেটা ও পরিচয় নিশ্চিত করার জন্য একটি ভিত্তি তৈরি করবে। ভবিষ্যতে এটি ই-কমার্স, স্মার্ট কৃষি, ফসলের উৎপাদনে আবহাওয়া ও রোগ-পোকামাকড়ের পূর্বাভাস এবং জলবায়ু অভিযোজনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রাকৃতিক দুর্যোগে অতীতে রাজারা সহায়তা দিতেন। এখন কৃষক কার্ডের মাধ্যমে ফসল বীমা, জরুরি সহায়তা ও পুনর্বাসন দ্রুত দেওয়া সম্ভব হবে। তবে এই উদ্যোগ সফল করতে সঠিকভাবে কৃষক সনাক্তকরণ, ডিজিটাল স্বাক্ষরতার ঘাটতি দূর করা, প্রান্তিক কৃষকদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা, মাঠপর্যায়ে বাস্তবায়নের দক্ষতা বৃদ্ধির মতো কিছু কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করা জরুরি। এজন্য সরকারের পাশাপাশি স্থানীয় প্রশাসন ও বেসরকারি খাতকেও সম্পৃক্ত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তাই নববর্ষে কৃষক কার্ড কেবল একটি উপহার নয়; এটি বর্তমান সরকারের একটি সুদৃঢ় অঙ্গীকার যা কৃষকদের মর্যাদা ও অধিকার প্রদানের স্বীকৃতিও বটে। যদি সঠিকভাবে এই কর্মসূচীটি বাস্তবায়ন করা যায়, তবে এটি বাংলাদেশের কৃষিকে একটি নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। তাই পরিশেষে বলতে চাই কৃষক বাঁচলে বাঁচবে দেশ, আর কৃষক কার্ড সেই বাঁচার পথকে আরও সুগম করে তুলতে পারে।
লেখক- শিক্ষক ও গবেষক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ