www.agribarta.com:: কৃষকের চোখে বাংলাদেশ
শিরোনাম:

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে বিডিডিএফ’র সাক্ষাৎ

ডেইরী নীতিমালা চূড়ান্তকরণসহ বারো সুপারিশ বিডিডিএফ’র


 এগ্রিবার্তা ডেস্কঃ    ১৮ ডিসেম্বর ২০১৯, বুধবার, ১০:৪৩   ডেইরী বিভাগ


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: আশরাফ আলী খান খসরু, এমপি’র সাথে বাংলাদেশ ডেইরী ডেভেলপমেন্ট ফোরাম (বিডিডিএফ) এর নেতৃবৃন্দ আজ (১৮ ডিসেম্বর ২০১৯) তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এতে নেতৃত্ব দেন বাংলাদেশ কৃষকলীগের সাধারন সম্পাদক, সাবেক সাংসদ ও বিডিডিএফ সভাপতি এডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।

আলাপকালে ফোরামের নেতৃবৃন্দ বিডিডিএফ’র বিভিন্ন কার্যক্রম সম্পর্কে মাননীয় প্রতিমন্ত্রীকে অবহিত করেন। নেতৃবৃন্দ প্রাণিসম্পদ ও ডেইরী সেক্টরের উন্নয়নে বর্তমান সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন ও উক্ত কার্যক্রমে নেতৃত্ব প্রদানের জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তাছাড়া বিডিডিএফ নেতৃবৃন্দ সরকারের নেয়া ‘‘প্রাণিসম্পদ উন্নয়ন ও ডেইরী ডেভেলপমেন্ট প্রজেক্ট (এলডিডিপি)” এর নানা বিষয় নিয়ে আলোচনা করেন এবং এই প্রকল্পকে আরও সফলকাম ও জনবান্ধব করার জন্য কতিপয় সুপারিশ পেশ করেন।

বৈঠকে উল্লেখিত সুপারিশ গুলো ছিল-

  • উৎপাদক দল গঠনে প্রান্তিক ও ক্ষুদ্র খামারীদের অগ্রাধিকার দেয়া
  • দেশের পিছিয়ে পড়া বিশেষ করে দুর্যোগপ্রবণ জনপদ যেমন-চর, হাওর ও উপকূল অঞ্চলে প্রকল্পের বরাদ্দ তুলনামূলক বেশী রাখা
  • প্রকল্পে নারী এবং প্রতিবন্ধী ব্যক্তিকে অগ্রাধিকার দেয়া
  • প্রকল্পে দুধ উৎপাদন বৃদ্ধি ও দক্ষ খামার ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণের পাশাপাশি ব্যবসায় পরিকল্পনা, বাজার সম্প্রসারন, জেন্ডার বৈষম্য, দুর্যোগ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও
    সক্ষমতা বৃদ্ধির ব্যবস্থা করা
  • ডেইরী ভেল্যু চেইনের সঠিক বিশ্লেষণের মাধ্যমে সকল মার্কেট অ্যাক্টরের দক্ষতা বৃদ্ধি করা এবং নারী, যুব ও ক্ষুদ্র অ্যাক্টর বা উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়া
  • বিভাগ/অঞ্চল ভিত্তিক দুগ্ধ প্রক্রিয়াজাত কেন্দ্র স্থাপনের জন্য বরাদ্দ রাখা
  • ভেল্যু চেইনে নতুন উদ্যোক্তা তৈরীর চেয়ে বিদ্যমান উদ্যোক্তাদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে অধিক গুরুত্ব আরোপ করা
  • দেশে বিদ্যমান প্রাইভেট সেক্টর যেমন- দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি, ইনপুটস সাপ্লাই কোম্পানিগুলোকে প্রকল্পের সহিত শুরু থেকেই সম্পৃক্ত করা
  • প্রকল্পের আওতায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মান নির্ণয়ের আন্তর্জাতিক মানসম্মত পরীক্ষাগার স্থাপন করা
  • বাংলাদেশে ডেইরী ও প্রাণিসম্পদ উন্নয়নে যেসব বেসরকারী সংস্থার অভিজ্ঞতা ও দক্ষতা আছে তাদেরকে শুরু থেকেই প্রকল্পের সাথে সম্পৃক্ত করা
  • এলডিডিপি প্রকল্পের মাধ্যমে আমদানিকৃত গুঁড়া দুধের বাজার নিয়ন্ত্রণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে এ্যাডভোকেসি করা
  • এলডিডিপি প্রকল্পের আওতায় বাংলাদেশ ডেইরী উন্নয়ন নীতিমালা চূড়ান্ত করা।

উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন বিডিডিএফ’র সহ-সভাপতি উজমা চৌধুরী, সহ-সভাপতি কাজী মো. ইমদাদুল হক, পি.এইচ.ডি, প্রচার সম্পাদক মো: মুতাসীম বিল্লাহ এবং ফোরামের নির্বাহী সদস্য পারভীন সুলতানা।




  এ বিভাগের অন্যান্য