রাজধানীতে শীতের ছোঁয়ায় শীতল সবজির বাজার
শীতের মৌসুমে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সবজির বাজারে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। কিছু দিন আগে বাজারে সবজির দাম ছিল চড়া, কিন্তু বর্তমানে শীতের ছোঁয়ায় সেই অবস্থা কিছুটা শীতল হয়েছে। তবে মৌসুম না হওয়ায় কিছু সবজির দাম এখনও বাড়তি রয়েছে, কিন্তু বেশিরভাগ সবজির দাম কমেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ফুল কপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৩০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, শালগম ৩০ টাকা এবং পেঁপের কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, পটল প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি আঁটি ১০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, করলা ৮০ টাকা এবং শসা ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
ক্রেতারা জানান, বর্তমানে বাজারে অন্যান্য জিনিসের তুলনায় সবজির দাম কিছুটা কমেছে। মালিবাগ বাজারের সবজি বিক্রেতা শহিদুল ইসলাম বলেন, "মোটামুটি সব সবজির দামই আগের চেয়ে কমেছে।" তিনি আরও জানান যে বরবটি, পটল ও করলার দাম মৌসুম না হওয়ায় ৬০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।
কারওয়ান বাজারের বিক্রেতা আলমগীর হোসেন জানান, রাজধানীর খুচরা বাজারগুলোতে সবজির দাম কারওয়ান বাজারের তুলনায় বেশি। তিনি বলেন, "শীতের প্রভাব পড়েছে সবজির বাজারে।" তিনি আশা প্রকাশ করেন যে নতুন সবজি উঠতে থাকলে দাম আরও কমবে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।