২৫ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রক্রিয়া অঞ্চল, পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবি

এগ্রিবার্তা ডেস্ক ২৯ ডিসেম্বর ২০২৪ · ২ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রক্রিয়া অঞ্চল, পূর্ণাঙ্গ রেলবন্দর স্থাপনের দাবি

চাঁপাইনবাবগঞ্জে কৃষি প্রক্রিয়া অঞ্চল, পূর্ণাঙ্গ রেলবন্দর ও সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়ককে চার লেনে উন্নীত করার দাবি তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আব্দুল ওয়াহেদ।

শনিবার দুপুরে চেম্বার ভবনে অনুষ্ঠিত সাধারণ সভা শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ দাবিগুলো উপস্থাপন করেন।

মোঃ আব্দুল ওয়াহেদ বলেন, কৃষি নির্ভর চাঁপাইনবাবগঞ্জে আমনুরা রেলওয়ে জংশন এলাকাটি একটি কৃষি রপ্তানী প্রক্রিয়া অঞ্চল (ইপিজেড) হিসেবে গড়ে তোলা হলে অর্থনৈতিকভাবে এটি অত্যন্ত লাভজনক হবে। তিনি যুক্ত করেন যে, এই রেলপথ ব্যবহার করে ভারত, নেপাল এবং ভুটান থেকে কাঁচামাল আমদানি ও স্থানীয়ভাবে উৎপাদিত পণ্য রপ্তানির খরচ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

তিনি আরও বলেন, সোনামসজিদ স্থলবন্দর থেকে প্রতিবছর প্রায় ১,২০০ কোটি টাকা রাজস্ব আয় হলেও, সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কটি এখনও উন্নত করা হয়নি। চার লেনের পরিবর্তে মহাসড়কের দুপাশে মাত্র দুই মিটার প্রসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে, যা বাস্তবায়িত হলে যান চলাচলের উন্নতি কিংবা দুর্ঘটনা কমানোর ক্ষেত্রে কার্যকর হবে না।

চেম্বারের সভাপতি আরও উল্লেখ করেন, ১৯৯২ সালের পর থেকে সোনামসজিদ স্থলবন্দরের কাস্টমস অবকাঠামোতে কোনো বড় উন্নয়ন হয়নি। বন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে অগ্নিনির্বাপক কেন্দ্র এবং ২০ শয্যার একটি আধুনিক হাসপাতাল স্থাপন এখন সময়ের দাবী।

মতবিনিময় সভায় চেম্বার পরিচালনা বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।