২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

হাতিয়ায় বেড়েছে পান চাষ, স্বাবলম্বী চাষিরা

এগ্রিবার্তা ডেস্ক ৫ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
হাতিয়ায় বেড়েছে পান চাষ, স্বাবলম্বী চাষিরা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় পান চাষ দ্রুত জনপ্রিয়তা লাভ করছে। রোগবালাই কম এবং লাভ বেশি হওয়ায় অনেকেই এখন পান চাষে ঝুঁকছেন। এতে স্থানীয় যুবকরা কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন। ভালো ফলন ও বাজারমূল্য পেয়ে পান চাষিরা সন্তুষ্ট।

উপজেলার চরকিং ইউনিয়নের দাসপাড়া ও আশেপাশের এলাকায় অনেক পানের বরজ গড়ে উঠেছে। এখানকার মাটি পান চাষের জন্য বিশেষ উপযোগী হওয়ায় চাষিরা এই পেশায় নিজেদের জীবিকা নির্বাহ করছেন। বেশিরভাগ চাষি বংশ পরম্পরায় পান চাষ করে আসছেন। তাদের পরিবারের মূল আয়ের উৎস এই পানের বরজ।

দাসপাড়া এলাকার নিরব চন্দ্র দাস বলেন, “আমাদের পরিবার প্রায় ৪০-৪৫ বছর ধরে পান চাষ করছে। এখন পান চাষি ও জমির সংখ্যা বেড়েছে। আমরা কোনো ক্ষতিকর সার ব্যবহার করি না। একসময় মাটির ঘরে থাকতাম, এখন টিনের ঘর হয়েছে। শুধুমাত্র পান চাষ করেই আমরা লাভবান হয়েছি। আমাদের দুই ভাইয়ের ১৩০টি পানের বরজ আছে।”

হরিপদ চন্দ্র দাস বলেন, “হাতিয়ার পান মিষ্টি ও সরস। বাইরের পান না এলে ভালো দাম পেতাম। জোয়ারে ক্ষতিগ্রস্ত হলেও সরকারের সহযোগিতা পেলে আমরা আরও ভালো করতে পারব।”

নয়ন চন্দ্র দাস বলেন, “আগে এক ঘরে একজন পান চাষি থাকতো, এখন চারজন আছে। বাড়িতে যেখানে ৫ জন ছিল, এখন সেখানে ১৫ জন পান চাষ করছে। সরকারি সহযোগিতা পেলে আমরা আরও লাভবান হতে পারতাম।”

নারীরাও পান চাষে পুরুষদের সহযোগিতা করছেন। রীতা রানী বলেন, “আমি পান ভাঙি ও গুছিয়ে দিই। স্বামী বাজারে নিয়ে গিয়ে বিক্রি করেন। এখান থেকেই আমাদের সংসার চলে।”

হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোর্শেদ লিটন বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। উন্নত সার ও বীজের জন্য ৪৬ হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হয়েছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, পান চাষিদের সহযোগিতার জন্য যা প্রয়োজন তা করা হবে।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক মো. শহীদুল হক বলেন, “নোয়াখালী জেলায় ১২৪ হেক্টর জমিতে পান চাষ হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি হাতিয়ায়। পান অত্যন্ত অর্থকারী ফসল। বিদেশেও পান রপ্তানি করে কৃষকরা লাভবান হচ্ছেন।”

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।