সৈয়দপুরে সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের পাখাতিপাড়া এলাকায় প্রথমবারের মতো সমলয় পদ্ধতিতে ধান চাষ শুরু হচ্ছে। কৃষকরা প্রায় ১৫০ বিঘা জমিতে একই সময়ে একই জাতের ধান যন্ত্রের মাধ্যমে রোপণ করবেন। জমিতে ট্রেতে বীজতলা তৈরি করে নিয়মিত সার ও কীটনাশক প্রয়োগ চলছে। ২৫ দিনের মধ্যে চারা প্রস্তুত হয়ে গেলে, মেশিনের সাহায্যে জমিতে রোপণ করা হবে।
এই পদ্ধতিতে বীজতলা থেকে ধান কাটা পর্যন্ত সব কাজ যন্ত্রের মাধ্যমে সম্পন্ন হবে। সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ জানান, ট্রেতে চারা উৎপাদনের ফলে জমির অপচয় কমে এবং ফলন বৃদ্ধি পায়। একসঙ্গে রোপণের কারণে ধান একই সময়ে পাকবে, ফলে কৃষকরা সহজেই ধান ঘরে তুলতে পারবেন।
সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সমলয় পদ্ধতিতে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহারে খরচ কমানো হচ্ছে। প্লাস্টিকের ট্রেতে চারা তৈরি করায় ধান রোপণ, উত্তোলন এবং ফসল মাড়াইয়ের কাজ যন্ত্রের মাধ্যমে সহজে করা সম্ভব। এই পদ্ধতি কৃষিতে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। বর্তমানে বীজতলার চারা ৬-৭ দিনের মধ্যে পরিপক্ব হচ্ছে এবং শীত ও কুয়াশা থেকে বাঁচাতে বীজতলাগুলো ঢেকে রাখা হয়েছে।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।