শীত-কুয়াশায় কৃষির ক্ষতি
শীতের তীব্রতায় কৃষি খাতে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের ক্ষতির আশঙ্কা বাড়ছে। কৃষকদের শীতকালীন সবজি যেমন আলু, পেঁয়াজ, টমেটো নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। অনেক স্থানে আগাম আমের মুকুল ঝরে যাওয়ার ঘটনাও ঘটছে। ঘন কুয়াশার কারণে বোরো ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। শীতজনিত রোগের কারণে আলুর ক্ষেত লেট ব্লাস্টইট রোগে আক্রান্ত হচ্ছে, যা কৃষকদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে তুলেছে।
কৃষকরা ফসল রক্ষায় বাড়তি যত্ন নিচ্ছেন। ঘন কুয়াশার কারণে সূর্যের আলো ঠিকমতো না পাওয়ায় বীজতলা দুর্বল হয়ে পড়ছে। পাতা পচা ও হলুদ হয়ে যাওয়ার ফলে বোরো ধানের চারার বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ অবস্থায় বৃষ্টি হলে ফসলের মধ্যে ছত্রাকবাহী রোগের সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এতে আলু ও টমেটোর ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। শীতের তীব্রতায় কৃষিক্ষেত্রের পাশাপাশি গবাদি পশুও শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে। খামারিরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন।
জলবায়ু পরিবর্তনের কারণে কৃষি খাতে ক্রমাগত বিরূপ প্রভাব পড়ছে। শিম, লাউ, করলা, মিষ্টিকুমড়া, আলু, শাকসবজি প্রভৃতি ফসল উৎপাদনে বিঘ্ন ঘটছে। তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে ফসলের পরাগায়ন বাধাগ্রস্ত হচ্ছে, ফলে ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
কৃষি বাংলাদেশের অর্থনীতির অন্যতম স্তম্ভ। তবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে শৈত্যপ্রবাহের কারণে কৃষি অর্থনীতি চাপের মুখে পড়ছে। শীতকালীন সময়ে শৈত্যপ্রবাহের কবলে পড়ে কৃষকেরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।
এগ্রিবার্তা ডেস্ক
মন্তব্য (০)
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।