২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে: কৃষি উপদেষ্টা

এগ্রিবার্তা ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
সার ও বীজের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের ডিলারশিপ বাতিল হয়ে যাবে: কৃষি উপদেষ্টা

ময়মনসিংহে সারের সংকট নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সিন্ডিকেট বা অন্য কোনো অসাধু পদ্ধতিতে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। একই সঙ্গে তিনি ময়মনসিংহের বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে এ বিষয়ে তৎপর থাকার নির্দেশ দিয়েছেন। সারের কৃত্রিম সংকটে কোনো ডিলার জড়িত থাকলে তাদের ডিলারশিপ বাতিল করা হবে। কৃষকদের ন্যায্যমূল্যে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়িত্ব পালন করতে হবে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সভায় সশস্ত্র বাহিনী, পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার, কারা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এবং কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থার ময়মনসিংহ অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীকে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, এবং মাদক নিয়ন্ত্রণে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, দুর্নীতির ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। গুজব প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি। এছাড়া ময়মনসিংহের যানজট সমস্যা সমাধানে ফ্লাইওভার নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনার পরামর্শ দেন।

কৃষকদের জন্য সঠিক সময়ে সার ও বীজ সরবরাহ নিশ্চিত করতে কৃষি অফিসকে নির্দেশ দেন উপদেষ্টা। ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বারোপ করেন। স্থানীয় পর্যায়ে স্টোরেজ নির্মাণের মাধ্যমে খাদ্যপণ্য সংরক্ষণের ব্যবস্থার উন্নয়নেও জোর দেন তিনি।

সভায় অংশগ্রহণকারী কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টাকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা গ্রহণ করেন।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।