২৬ আগস্ট ২০২৬ · ঢাকা, বাংলাদেশ
এগ্রি বার্তা মাটির খবর, মানুষের কথা
কৃষি

নিম্নমানের আলুর বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

এগ্রিবার্তা ডেস্ক ১৫ জানুয়ারি ২০২৫ · ৩ মিনিট পড়ার সময় · ১ বার পঠিত
শেয়ার করুন:
নিম্নমানের আলুর বীজে ক্ষতিগ্রস্ত কৃষক

মানিকছড়ি উপজেলার বেশ কয়েকজন কৃষক নিম্নমানের আলুর বীজ বপন করে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের লিখিত অভিযোগ পেয়ে উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগ তদন্তে নেমেছে। অভিযোগের সত্যতা যাচাই এবং কারণ নির্ধারণে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানিয়েছেন, তাঁরা মানিকছড়ি বাজারের প্রকাশ বীজ ভাণ্ডার থেকে এসিআই কোম্পানির উন্নত জাতের আলুর বীজ ক্রয় করে জমিতে বপন করেন। কিছু চারা গজালেও অধিকাংশ বীজ নষ্ট হয়ে যায়। অভিযোগ জানানোর পরও বীজ ডিলার দুলাল চন্দ্র মজুমদার কোনো সমাধান না দিয়ে বরং কৃষকদের শাসাচ্ছেন। এতে হতাশ হয়ে তাঁরা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন।

পূর্ব চেঙ্গু ছড়া এলাকার কৃষক আব্দুল সোবহান জানান, তিনি প্রকাশ বীজ ভাণ্ডার থেকে ৬০০ কেজি আলুর বীজ কিনে জমিতে লাগান। বীজের অধিকাংশই নষ্ট হয়ে গেছে। দুলাল চন্দ্র মজুমদারকে বিষয়টি জানানোর পর তিনি উল্টো হুমকি দেন। নিরুপায় হয়ে তিনি লিখিত অভিযোগ দাখিল করেন।

আরেক কৃষক মো. সুমন মিয়া জানান, তিনি এক কানি জমিতে আলু চাষ করেছেন। প্রকাশ বীজ ভাণ্ডার থেকে তিন মন আলুর বীজ কিনে রোপণ করেন। অধিকাংশ বীজ অঙ্কুরিত না হওয়ায় তিনি আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

এয়াতলং পাড়ার কৃষক আলী আহম্মদ বলেন, দুলাল চন্দ্রের কাছ থেকে নেয়া বীজগুলো তেমন অঙ্কুরিত হয়নি। অন্যদিকে কুমিল্লা থেকে আনা বীজগুলো সঠিকভাবে গজিয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা তামিম আজিজ ক্ষতিগ্রস্ত জমি পরিদর্শন করে নিশ্চিত করেছেন যে, নিম্নমানের বীজের কারণে আলুর গাছ সঠিকভাবে গজায়নি।

মানিকছড়ি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জহির রায়হান জানান, প্রকাশ বীজ ভাণ্ডার এবং সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিকে তার কার্যালয়ে তলব করা হয়েছে। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে তদন্ত কমিটির রিপোর্ট উপজেলা নির্বাহী অফিসারের কাছে হস্তান্তর করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আফরোজ ভুঁইয়া জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এগ্রিবার্তা ডেস্ক

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।